কাঁঠালিয়ায় শ্রমিকদলের অফিস ভাংচুর
- আপডেট সময় : ৭৯ বার পড়া হয়েছে
ঝালকাঠির কাঁঠালিয়ায় ওয়ার্ড শ্রমিক দলের একটি অফিস ভাংচুরের অভিযোগ পাওয়া গেছে। গত রোববার (২২ ফের্রুয়ারী) রাতে উপজেলার আওরাবুনিয়া বাজারে এ ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন। ইউনিয়ন শ্রমিকদলের সভাপতি আবুল কালাম জমাদ্দার বলেন, ২০২৪ সালের ৫ই আগস্টের পর উপজেলার আওরাবুনিয়া বাজারে শ্রমিক দলের অফিস খুলে সেখানে (বিএনপির মনোনয়ন প্রত্যাশী) কেন্দ্রিয় ছাত্রদলের সাবেক নেতা গোলাম আজম সৈকতের নেতৃত্বে বিএনপির দলীয় কার্যক্রম পরিচালিত হয়ে আসছিল। স্থানীয় বিএনপি নেতা সবুজ সিকদার ও মিজান সিকদার শ্রমিকদল অফিস বন্ধ করে বিএনপির কেন্দ্রিয় কমিটির ধর্ম বিষয়ক সম্পাদক ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির দলীয় প্রার্থী রফিকুল ইসলাম জামালের অফিসে তাদেরকে বসতে বলে। শ্রমিকদলের নেতৃবৃন্দ এতে রাজী না হয়ে তাদের অফিস বন্ধ করে দেন। নির্বাচনের পরের দিন সবুজ সিকদার, মামুন সিকদারের নেতৃত্বে কয়েকজন শ্রমিক দল অফিসের সাইনবোর্ড ও ব্যানার খুলে ফেলে। গত রোববার বিকেলে শ্রমিকদল নেতা ও ইউপি মেম্বার ইউনুছ আলীসহ কয়েকজন পুনরায় শ্রমিকদল অফিস খুলে বসেন। এদিন (২২ ফের্রুয়ারী) রাতে দূর্বৃত্তরা অফিসের তালা ভেঙ্গে ভিতরে ঢুকে খালেদা জিয়া ও প্রধানমন্ত্রি তারেক রহমানের ছবি ও আসবাবপত্র ভাংচুর করে নদীতে ফেলে দেয়। মিজান সিকদার জানান, কে বা কাহারা শ্রমিক দলের অফিস ভাংচুর করেছে তা আমাদের জানা নেই। নিজেরা এ ঘটনা ঘটাতে পারে। থানার ওসি আবু নাছের রায়হান জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তদন্ত করে ব্যাবস্থা নেওয়া হবে।



















