গৌরীপুরে চার কিন্ডারগার্টেনের পাঠদান অনুমতি
- আপডেট সময় : ৬৫ বার পড়া হয়েছে
ময়মনসিংহের গৌরীপুরে সরকার কর্তৃক পাঠদান অনুমতি সনদপত্র পেয়েছে চারটি কিন্ডারগার্টেন। গৌরীপুর ভারপ্রাপ্ত উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো: সাজ্জাদ হোসেন তালুকদার গতকাল মঙ্গলবার (০২ ডিসেম্বর) দুপুরে গৌরীপুর উপজেলা শিক্ষা কর্মকর্তার কার্যালয়ে সনদপত্রগুলো উপজেলা কিন্ডারগার্টেন সমিতির সাধারণ সম্পাদক আরিফ আহম্মেদের কাছে হস্তান্তর করেন। এ সময় উপস্থিত ছিলেন- উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা নাজমা খাতুন।
জানা গেছে, গত ৩০ নভেম্বর ময়মনসিংহ জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোঃ ওবায়দুল্লাহ প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের প্রজ্ঞাপন অনুযায়ী ‘বেসরকারি প্রাথমিক বিদ্যালয় নিবন্ধন বিধিমালা, ২০২৩ (সংশোধনী-২০২৫) এর বিধি ৪ এর উপ-বিধি (৫)’ এর অধীনে প্রাথমিক শিক্ষা কার্যক্রম পরিচালনার জন্য “পাঠদান অনুমতি” সনদ- এর আওতায় গৌরীপুরের চারটি কিন্ডারগার্টেনকে পাঠদান অনুমোদন দেন। অনুমোদনপ্রাপ্ত বিদ্যালয়গুলো হচ্ছে- গৌরীপুর পৌর শহরের নয়াপাড়া মহল্লায় অবস্থিত গৌরীপুর চাইল্ড ফেয়ার মডেল স্কুল, ডৌহাখলা ইউনিয়নে বর্ণমালা আদর্শ কিন্ডারগার্টেন (তাঁতকুড়া ও সিংজানী শাখা) ও একই ইউনিয়নের কলতাপাড়া বাজারে অবস্থিত কলতাপাড়া আইডিয়াল স্কুল।
গৌরীপুর ভালুকা ক্লাস্টারের (পৌরসভা) দায়িত্বপ্রাপ্ত সহকারী উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা নাজমা খাতুন বলেন, সরকার কিন্ডারগার্টেনগুলোকে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের নীতিমালার আওতায় আসার জন্য বার বার তাগিদ দিচ্ছে। এ লক্ষ্যে ২০২৩ সালে একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে। সরকারের প্রজ্ঞাপন অনুযায়ী প্রত্যেক কিন্ডারগার্টেনকে সুনির্দিষ্ট বিধিমালা অনুযায়ী উপজেলা শিক্ষা কর্মকর্তার মাধ্যমে জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা বরাবর পাঠদান অনুমতির আবেদন করতে হবে। তারপর যাচাই-বাছাই পূর্বক পাঠদান অনুমতি দেয়া হয়।
তিনি আরও জানান, গৌরীপুর উপজেলায় শতাধিক কিন্ডারগার্টেন রয়েছে, এর মধ্যে চারটি কিন্ডারগার্টেন পাঠদান অনুমতি সনদপত্র পেয়েছে।













