টাকা ছাড়া কাজ করেননা ইউএনও, প্রতিবাদ সমাবেশে ইউপি চেয়ারম্যানের
- আপডেট সময় : ৩০ বার পড়া হয়েছে
পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আফরোজ শাহীন খসরুর বিরুদ্ধে বিভিন্ন প্রকল্পে টাকা ছাড়া কাজ না করা সহ নানা অভিযোগ তুলে প্রতিবাদ সমাবেশ করেছেন উপজেলার শালবাহান ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আশরাফুল ইসলাম। একই সাথে তিনি তার নির্বাচনী এলাকায় উন্নয়ন কাজে প্রকল্পের বিল অনুমোদনের ক্ষেত্রে অনিয়ম, ঘুষ দাবি ও প্রশাসনিক ভাবে হয়রানির করা হচ্ছে বলে দাবি করছেন চেয়ারম্যান। গতকাল রোববার উপজেলার শালবাহান ইউনিয়ন পরিষদ চত্ত্বরে আয়োজিত প্রতিবাদ সমাবেশে এই দাবি করেন ওই ইউপি চেয়ারম্যান। এসময় ইউনিয়নের মেম্বার সহ অত্র ইউনিয়নের প্রায় পাঁচশতাধিক নারী পুরুষ বাসিন্দারা উপস্থিত ছিলেন।
চেয়ারম্যান আশরাফুল ইসলাম দাবি করেন, রাজনৈতিক কারণে তার বিরুদ্ধে তিনটি মামলা থাকলেও এখনো তাকে স্থানীয় সরকার বিভাগ বহিষ্কার করেনি। এসব মামলায় তাঁর কোন নামই নেই। তবে মামলায় জামিনে মুক্তি পাওয়ার পর তিনি পুনরায় অফিসে যোগদান করে নিয়মিত দাপ্তরিক কাজ করছেন। তবে ভিজিএফ কার্যক্রমে তার নাম থাকলেও টিসিবি কার্যক্রমের তালিকা প্রস্তুত ও মাইকিংয়ের ক্ষেত্রে তার নাম ব্যবহার না করতে ইউএনও নিষেধ করেছেন বলে অভিযোগ করেন তিনি। বিষয়টিকে তিনি প্রশাসনিক হয়রানির অংশ বলে উল্লেখ করেন। বর্তমানে তাঁর বিরুদ্ধে ইউপি সদস্যদের দিয়ে অসৌজন্যমূলক আচরণ ও নানা ধরনের অপেশাদার কাজ করানো হচ্ছে। প্রতিবাদ সমাবেশে আসতে স্থানীয়দের অনেককে বাঁধা দেয়া হয়েছে। রাস্তা থেকে ফেরত পাঠানো হয়েছে বলে দাবি করেছেন ইউপি চেয়ারম্যান আশরাফুল।
এদিকে টাকা লেনদেনের ভিডিও নিয়ে পিআইও অফিসের কর্মচারী জহিরুল ইসলাম বলেন, টাকার যে ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যেম ছড়িয়ে দেয়া হয়েছে সেটি প্রায় নয় মাস আগের। প্রকল্পের কাজের বাবদ পাওনা টাকা নেয়া হয়েছে, সেখানে আমার সাথে আরও কাজের লোক ছিলো, কিন্ত তাদের ভিডিও বাদ দেয়া হয়েছে। চেয়ারম্যান তার বাড়ি সিসিটিভিতে ভিডিও ধারণ করে এটিকে ভিন্নভাবে ব্যাখা দিয়ে আমার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ তুলে ধরে সেটিকে নতুন করে প্রচার করা হচ্ছে ঘুষ হিসেবে।
এদিকে তেঁতুলিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা আফরোজ শাহীন খসরু চেয়ারম্যানের অভিযোগ করার বিষয়টি ভিত্তিহীন বলে দাবি করেন।




















