দীর্ঘদিন অনুপস্থিত চেয়ারম্যানের অপসারণ দাবিতে মানববন্ধন
- আপডেট সময় : ৩৯ বার পড়া হয়েছে
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার সাতমোড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, নিষিদ্ধ আওয়ামীলীগের জেলার সদস্য ও ওয়ারেন্টভুক্ত মামলার আসামী মোহাম্মদ জসিম উদ্দিনের দীর্ঘদিন কর্মস্থলে অনুপস্থিত থাকার অভিযোগে তাকে পুনরায় দায়িত্ব প্রদান না করা, অনুপস্থিতির দায়ে অপসারণ এবং সম্ভাব্য সংঘর্ষ প্রতিরোধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবিতে প্রতিবাদ মানববন্ধন ও সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
গত শনিবার (১১ এপ্রিল) দুপুরে সাতমোড়া ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে ইউনিয়নবাসীর উদ্যোগে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
বক্তারা অভিযোগ করেন, চেয়ারম্যান মোহাম্মদ জসিম উদ্দিন গত প্রায় দেড় বছর ধরে কর্মস্থলে অনুপস্থিত থাকায় ইউনিয়ন পরিষদের স্বাভাবিক কার্যক্রম ব্যাহত হচ্ছে এবং সাধারণ জনগণ প্রয়োজনীয় সেবা থেকে বঞ্চিত হচ্ছে। এতে ইউনিয়নের উন্নয়ন কার্যক্রমও স্থবির হয়ে পড়েছে বলে দাবি করেন তারা।
এ সময় বক্তারা দ্রুত চেয়ারম্যানকে অপসারণসহ প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি জোর দাবি জানান। একই সঙ্গে যেকোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন তারা।
মানববন্ধন ও সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন আনিস মেম্বার, দুলাল মেম্বার, মাসুক মেম্বার, সুমন মেম্বার, আক্কাস মেম্বার, বাছির, ইকবাল, সিজিল মিয়া, মো. বিল্লাল হোসেন, কামাল, হেলাল, তাজুল ইসলাম, মানিক, মামুন, ইকবাল বাইকপাড়া, শাহিন, সোহেদা বেগম, বিএনপি নেতা বাদলসহ স্থানীয় ইউনিয়নবাসী।
উল্লেখ্য, এর আগেও সাতমোড়া ইউনিয়ন পরিষদের ৮ জন ওয়ার্ড সদস্য চেয়ারম্যান মোহাম্মদ জসিম উদ্দিনের বিরুদ্ধে অনাস্থা প্রদান করে তার অপসারণের দাবি জানান।












