নওগাঁয় প্রাণিসম্পদ সপ্তাহে আলোচনা সভা
- আপডেট সময় : ১৯৭ বার পড়া হয়েছে
দেশীয় জাত, আধুনিক প্রযুক্তি প্রাণিসম্পদে হবে উন্নতি এই প্রতিপাদ্যকে সামনে রেখে নওগাঁ জেলা প্রশাসন ও জেলা প্রাণিসম্পদ অধিদপ্তরের যৌথ আয়োজনে উৎসবমুখর পরিবেশে উদযাপিত হলো জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ২০২৫।
বুধবার সকাল ১১টায় নওগাঁ সদর উপজেলা পরিষদ চত্বর থেকে বর্ণাঢ্য র্যালির মধ্য দিয়ে সপ্তাহব্যাপী কর্মসূচির সূচনা হয়। র্যালিতে সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি, খামারি, উদ্যোক্তা, শিক্ষার্থী ও স্থানীয় সাধারণ মানুষ অংশ নিয়ে প্রাণিসম্পদ খাতের সম্ভাবনাকে তুলে ধরেন।
র্যালি শেষে ফিতা কেটে এবং ফেস্টুন উড়িয়ে প্রাণিসম্পদ মেলার উদ্বোধন করেন প্রধান অতিথি, নওগাঁর জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুল ইসলাম। জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা গৌরাঙ্গ কুমার তালুকদার এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ইবনুল আবেদীন এবং অতিরিক্ত পুলিশ সুপার জয়ব্রত পাল।
উদ্বোধনের পর অতিথিরা মেলার বিভিন্ন স্টল ঘুরে দেখেন। স্টলগুলোতে প্রদর্শিত হয় উন্নত জাতের গরু, ছাগল, হাঁস-মুরগি, কবুতর, পশুখাদ্য, ভ্যাকসিন, দুধ উৎপাদন প্রযুক্তি, আধুনিক যন্ত্রপাতি ও খামার ব্যবস্থাপনা-বিষয়ক তথ্য। কৃষক, খামারি ও দর্শনার্থীদের ভিড়ে মেলা প্রাঙ্গণ হয়ে ওঠে প্রাণবন্ত।
পরে নওগাঁ সদর উপজেলা অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয় এক আলোচনা সভা। সভায় বক্তারা বলেন—প্রাণিসম্পদ খাত দেশের খাদ্য নিরাপত্তা, পুষ্টি চাহিদা, কর্মসংস্থান ও অর্থনীতির গুরুত্বপূর্ণ চালিকাশক্তি। আধুনিক প্রযুক্তি প্রয়োগ, খামার ব্যবস্থাপনায় দক্ষতা, রোগ-ব্যাধি নিয়ন্ত্রণ এবং মানসম্মত উৎপাদন বাড়াতে এ ধরনের সপ্তাহ উদ্যোক্তাদের অনুপ্রাণিত করে।
সভায় সরকারি দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, খামারি, নারী উদ্যোক্তা, শিক্ষক, সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন। পুরো আয়োজন জুড়ে ছিল উৎসবমুখর পরিবেশ ও প্রাণিসম্পদ খাতের উন্নয়ন প্রত্যাশার উদ্দীপনা।


















