নবীনগরে কবরস্থানের রাস্তা দখল, এলাকাজুড়ে উত্তেজনা
- আপডেট সময় : ১৮৯ বার পড়া হয়েছে
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার ফতেহপুর গ্রামে কবরস্থানে যাওয়ার একমাত্র সরকারি রাস্তা দখল করে বাঁশের বেড়া দেওয়ার অভিযোগ উঠেছে কয়েকজন প্রভাবশালীর বিরুদ্ধে। এ ঘটনায় এলাকায় চরম উত্তেজনা ও জনভোগান্তি দেখা দিয়েছে।
গত রবিবার (৬ জুলাই) বিষয়টি নিয়ে এলাকাবাসীর পক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) বরাবর লিখিত অভিযোগ করেন সমাজসেবক সাইদুর রহমান ভূঁইয়া। অভিযোগে বলা হয়, ১ জুলাই স্থানীয় কয়েকজন প্রভাবশালী ব্যক্তি ওই রাস্তা বন্ধ করে দেন। ফলে ঈদগাহ ও কবরস্থানে যাতায়াত সম্পূর্ণভাবে বন্ধ হয়ে যায়।
অভিযুক্তরা দাবি করেছেন, জায়গাটি তাদের নিজস্ব সম্পত্তি। তবে স্থানীয়রা বলছেন, এটি দীর্ঘদিনের সরকারি চলাচলের রাস্তা, যা প্রয়াত মহন মেম্বার নির্মাণ করেছিলেন।
ইউপি সদস্য সফর আলী বলেন, “রাস্তাটি বহু পুরনো এবং আমি নিজেও এটি সংস্কার করেছি। এটি বন্ধ করা সম্পূর্ণ অমানবিক।”
উপজেলা নির্বাহী কর্মকর্তা রাজীব চৌধুরী জানান, ঘটনাটি তদন্তের জন্য সহকারী কমিশনার (ভূমি)কে নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে থানাকে ব্যবস্থা নিতে বলা হয়েছে।
নবীনগর থানার ওসি শাহীনূর ইসলাম জানান, পুলিশ ঘটনাস্থলে পাঠানো হয়েছে এবং তদন্তসাপেক্ষে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।


















