নবীনগরে কেউ নিজেকে সংখ্যালঘু মনে করবেন না-রথযাত্রায় এমপি আব্দুল মান্নান
- আপডেট সময় : ১৫ বার পড়া হয়েছে
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর পৌর এলাকার পশ্চিমপাড়া ও জমিদার বাড়ি ইসকন মন্দিরের উদ্যোগে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে শ্রীশ্রী জগন্নাথদেবের পবিত্র রথযাত্রা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার (২৪ জুলাই) বিকেলে আয়োজিত এ রথযাত্রায় বিভিন্ন শ্রেণি-পেশার সনাতন ধর্মাবলম্বীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা অংশ নেন। রথযাত্রাটি পৌর এলাকার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুনরায় মন্দির প্রাঙ্গণে এসে শেষ হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া-৫ (নবীনগর) আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আব্দুল মান্নান। তিনি রথযাত্রায় অংশ নিয়ে ভক্তদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন এবং সনাতন ধর্মাবলম্বীদের সার্বিক খোঁজখবর নেন।
প্রধান অতিথির বক্তব্যে এমপি অ্যাডভোকেট আব্দুল মান্নান বলেন, “সনাতন ধর্মাবলম্বী ভাই-বোনদের উদ্দেশ্যে বলতে চাই, আমি সবসময় আপনাদের পাশে আছি। যেকোনো সমস্যা হলে নির্দ্বিধায় আমার সঙ্গে যোগাযোগ করবেন। নবীনগর সাম্প্রদায়িক সম্প্রীতির একটি উজ্জ্বল জনপদ। এখানে সব ধর্মের মানুষ পারস্পরিক সৌহার্দ্য, ভ্রাতৃত্ব ও শান্তির বন্ধনে আবদ্ধ হয়ে যুগ যুগ ধরে বসবাস করে আসছেন।”
তিনি আরও বলেন, “আমাদের প্রধানমন্ত্রী ও তারেক রহমানের নেতৃত্বে যে সরকার পরিচালিত হচ্ছে, সেই সরকারের অন্যতম লক্ষ্য হচ্ছে বাংলাদেশকে সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ হিসেবে আরও সুদৃঢ়ভাবে প্রতিষ্ঠিত করা। এ দেশে মুসলিম, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টানসহ সব ধর্মের মানুষ সমান অধিকার নিয়ে শান্তিপূর্ণভাবে বসবাস করবেন।”
নির্বাচনের আগে দেওয়া প্রতিশ্রুতির কথা স্মরণ করিয়ে দিয়ে এমপি আব্দুল মান্নান বলেন, “আমি আপনাদের কাছে কথা দিয়েছিলাম, নবীনগরে কেউ নিজেকে সংখ্যালঘু মনে করবেন না। আজও সেই অঙ্গীকারে অটল আছি। আপনাদের যেকোনো সমস্যা সরাসরি আমার কাছে নিয়ে আসবেন, আমি সর্বোচ্চ আন্তরিকতা দিয়ে সমাধানের চেষ্টা করব।”
এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (নবীনগর সার্কেল) পিয়াস বসাক, নবীনগর থানার অফিসার ইনচার্জ মোর্শেদুল ইসলাম, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আসরাফ হোসেন রাজু, সাংগঠনিক সম্পাদক (২) মো. দেলোয়ার হোসেন সোহেল, জেলা বিএনপির সাবেক সদস্য সাদিকুল হক ছাদির, উপজেলা বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক মো. ইদ্রিস ডাক্তার, পৌর বিএনপির সিনিয়র সহ-সভাপতি হাসীবুল হাদিস শাহীন, পৌর বিএনপির সহ-সভাপতি দেলোয়ার হোসেন, উপজেলা শ্রমিক দলের আহ্বায়ক জাবেদুল ইসলাম জাভেদসহ স্থানীয় রাজনৈতিক, সামাজিক ও ধর্মীয় ব্যক্তিবর্গ।


















