পটুয়াখালী-১ আসনে ইসলামী আন্দোলনের নতুন প্রার্থী মাওলানা আবুল হাসান বুখারী
- আপডেট সময় : ২০০ বার পড়া হয়েছে
ইসলামী আন্দোলন বাংলাদেশ পটুয়াখালী-১ আসনে হাতপাখা প্রতীকের নতুন সংসদ সদস্য প্রার্থী হিসেবে ইসলামী আন্দোলন বাংলাদেশ পটুয়াখালী জেলা শাখার অন্যতম সদস্য এবং মুজাহিদ কমিটির পটুয়াখালী জেলা শাখার ছদর (সভাপতি) মাওলানা আবুল হাসান বুখারীকে মনোনীত করেছে।
দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও সংগঠনের স্বার্থবিরোধী কর্মকাণ্ডের অভিযোগে পূর্বঘোষিত প্রার্থী মুফতি হাবিবুর রহমান হাওলাদারকে দল থেকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়েছে।
গতকাল সোমবার রাতে পটুয়াখালী জেলা কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে জেলা সভাপতি মোহাম্মদ সেলিম হাওলাদার লিখিত বক্তব্য পাঠ করে বহিষ্কারের ঘোষণা দেন। তিনি বলেন, “দলীয় শৃঙ্খলা ভঙ্গের কারণে মুফতি হাবিবুর রহমান হাওলাদারকে দলের সকল দায়িত্ব ও প্রাথমিক সদস্যপদ থেকে স্থায়ীভাবে অব্যাহতি দেওয়া হয়েছে।”
একই সংবাদ সম্মেলনে তাকে পটুয়াখালী-১ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী থেকেও প্রত্যাহার করা হয়। পরবর্তীতে মাওলানা আবুল হাসান বুখারীকে নতুন প্রার্থী হিসেবে ঘোষণা করা হয়।
সংবাদ সম্মেলনে জেলা সেক্রেটারি, সহ-সভাপতি, জয়েন্ট সেক্রেটারি ও অন্যান্য জেলা নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।













