ফরিদপুরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ও প্রদর্শনীর উদ্বোধন
- আপডেট সময় : ২৬৪ বার পড়া হয়েছে
“দেশীয় জাত, আধুনিক প্রযুক্তি; প্রাণিসম্পদ হবে উন্নতি”– এই প্রতিপাদ্যকে সামনে রেখে ফরিদপুরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী-২০২৫ এর শুভ উদ্বোধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার, ২৬ নভেম্বর ২০২৫, দুপুর ১টায় ফরিদপুর সদর উপজেলা প্রাণিসম্পদ দপ্তরের আয়োজনে এই গুরুত্বপূর্ণ অনুষ্ঠানটি শহরের সরকারি বাক-শ্রবণ প্রতিবন্ধী বিদ্যালয় প্রাঙ্গনে পালিত হয়।
মূল আলোচনা সভা ফরিদপুর সদর উপজেলা নির্বাহী অফিসার ইশরাত জাহান-এর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুরের জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ কামরুল হাসান মোল্যা। তিনি আনুষ্ঠানিকভাবে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ও প্রদর্শনী-২০২৫ এর শুভ উদ্বোধন ঘোষণা করেন।
প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক বলেন, “স্মার্ট বাংলাদেশ গড়তে হলে আমাদের অর্থনীতিকে শক্তিশালী করতে হবে। আর প্রাণিসম্পদ হলো সেই অর্থনীতির অন্যতম চালিকাশক্তি। আধুনিক পদ্ধতিতে পশুপালন করে কেবল নিজেদের চাহিদা মেটানো নয়, বরং রপ্তানির মাধ্যমে দেশকেও এগিয়ে নিয়ে যেতে হবে।”
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা, ফরিদপুর, ডা. এ, কে,এম, আসজাদ। তিনি জেলার খামারিদের নিরন্তর প্রচেষ্টার প্রশংসা করেন এবং প্রাণিসম্পদকে লাভজনক শিল্পে পরিণত করার জন্য সরকারি সহায়তার ওপর জোর দেন। এছাড়াও বিশেষ অতিথির বক্তব্য রাখেন কৃত্রিম প্রজনন উপ কেন্দ্র, ফরিদপুর এর উপ পরিচালক ডা.মোঃ আব্দুর রাজ্জাক, ডাঃ মনমথ কুমার সাহা সহ প্রমুখ।
স্বাগত বক্তব্য রাখেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা, ফরিদপুর সদর, ডা. মোঃ মিজানুর রহমান। তিনি জানান, প্রদর্শনীতে উন্নত জাতের গবাদি পশু, হাঁস-মুরগি, এবং নতুন প্রযুক্তির যন্ত্রপাতির স্টল দেওয়া হয়েছে, যা খামারিদের উৎসাহিত করবে।
আলোচনা সভাটি দক্ষতার সঙ্গে পরিচালনা করেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ ইকবাল হাসান।
প্রাণিসম্পদ প্রদর্শনী আলোচনা সভা শেষে অতিথিরা প্রদর্শনীর স্টলগুলো ঘুরে দেখেন। প্রদর্শনীতে উপজেলার বিভিন্ন প্রান্ত থেকে আগত খামারিরা তাদের উন্নত জাতের গরু, ছাগল, হাঁস, মুরগি এবং দুগ্ধজাত পণ্য প্রদর্শন করেন। এই প্রদর্শনী স্থানীয় খামারি এবং সাধারণ মানুষের মধ্যে ব্যাপক উৎসাহ সৃষ্টি করেছে।
জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উপলক্ষে আগামী কয়েক দিনব্যাপী বিভিন্ন সেমিনার ও কর্মশালার আয়োজন করা হবে, যার মাধ্যমে পশুপালনে আধুনিক কৌশল ও স্বাস্থ্যসেবা সম্পর্কে ধারণা দেওয়া হবে।













