মজিদপুর ইউনিয়নে লিগ্যাল এইড কমিটির সভা অনুষ্ঠিত
- আপডেট সময় : ৪৩ বার পড়া হয়েছে
যশোরের কেশবপুর উপজেলার ৩নং মজিদপুর ইউনিয়ন পরিষদের সভাকক্ষে গতকাল রোববার পরিত্রাণের আয়োজনে ইউনিয়ন লিগ্যাল এইড কমিটি ও সংশ্লিষ্ট স্থায়ী কমিটির ত্রৈমাসিক লবিং সভা অনুষ্ঠিত হয়েছে।
নাগরিক সংগঠনের অংশগ্রহণে জনপরিসর সম্প্রসারণ ও সুশাসন ব্যবস্থা শক্তিশালীকরণ প্রকল্পের আওতায় এ সভার আয়োজন করা হয়।
সভায় ইউনিয়ন লিগ্যাল এইড কমিটি ও সংশ্লিষ্ট স্থায়ী কমিটির সদস্যরা সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন। এতে স্থানীয় পর্যায়ে আইনি সহায়তা কার্যক্রম আরও জোরদার করা, জনগণের মধ্যে আইন সম্পর্কে সচেতনতা বৃদ্ধি এবং সুশাসন প্রতিষ্ঠায় সমন্বিত উদ্যোগ গ্রহণের ওপর গুরুত্বারোপ করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মজিদপুর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মোঃ আব্দুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেশবপুর নিউজ ক্লাবের সাধারণ সম্পাদক মোঃ হারুনার রশীদ বুলবুল, প্রশাসনিক কর্মকর্তা আবুল হোসেন, রিইব এনজিওর সমন্বয়ক খালিদ হাসান এবং ইউপি সদস্য সাইফুল ইসলাম।
সভাটি সঞ্চালনা করেন পরিত্রাণের সমন্বয়ক জোসেফ সরকার।
সভায় বক্তারা বলেন, স্থানীয় পর্যায়ে আইনগত সহায়তা সহজলভ্য করতে এবং নাগরিকদের অধিকার নিশ্চিত করতে সকলকে সম্মিলিতভাবে কাজ করতে হবে।


















