মাগুরায় বাণিজ্য মেলা ঘিরে মতবিনিময় সভা
- আপডেট সময় : ৩৫ বার পড়া হয়েছে
মাগুরায় আসন্ন বাণিজ্য মেলাকে ঘিরে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার জেলা পরিষদ কনফারেন্স রুমে এ সভার আয়োজন করে মাগুরা চেম্বার অব কমার্স।
সভায় সভাপতিত্ব করেন চেম্বারের সভাপতি আক্তার হোসেন। এতে উপস্থিত ছিলেন সহ-সভাপতি ফরিদ খান, সাধারণ সম্পাদক নান্টু হোসেন, বিশিষ্ট ব্যবসায়ী ও রাজনীতিবিদ আলমগীর হোসেন এবং ব্যবসায়ী আনোয়ার হোসেন ব্যবসায়ি আমিনুর রহমান খান পিকুল সহ চেম্বারের অন্যান্য নেতৃবৃন্দ।
এছাড়া উপস্থিত ছিলেন মাগুরা প্রেসক্লাব এর সভাপতি সাইদুর রহমান, সাধারণ সম্পাদক শফিকুর রহমান, মাগুরা রিপোর্টার্স ইউনিটি এর সভাপতি এইচ এন কামরুল ইসলাম, সাধারণ সম্পাদক হুমায়ুন কবিরসহ সিনিয়র সাংবাদিক আবু বাশার আকন্দ, সারাফত হোসেন, কাজী আশিক রহমান বাংলাদেশ সংবাদ সংস্থার আব্দুল আজিজ বাংলাদেশ বেতারের হেলাল হোসেন এবং জেলা ও উপজেলার প্রায় শতাধিক প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার কর্মীরা।
সভায় জানানো হয়, আগামী ২৪ এপ্রিল শুক্রবার সকাল ১১টায় জেলা পরিষদের দক্ষিণ পাশের মাঠে বাণিজ্য মেলার উদ্বোধন করা হবে। এতে উদ্বোধক হিসেবে উপস্থিত থাকবেন মাগুরা-১ আসনের সংসদ সদস্য মনোয়ার হোসেন খান এবং প্রধান অতিথি হিসেবে থাকবেন মাগুরা-২ আসনের সংসদ সদস্য ও সাংস্কৃতিক মন্ত্রণালয়ের মন্ত্রী নিতাই রায়চৌধুরী।
চেম্বার নেতৃবৃন্দ জানান, এই মেলা শুধু একটি বাণিজ্যিক আয়োজন নয় এটি মাগুরার অর্থনীতি ও ব্যবসাকে এগিয়ে নেওয়ার একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ। তারা আশা প্রকাশ করেন, মেলাটি ভবিষ্যতে জেলার জন্য একটি মাইলফলক হয়ে দাঁড়াবে।
সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে আয়োজকরা জানান, মেলায় প্রবেশের জন্য শুধুমাত্র নির্ধারিত ২০ টাকা টিকিট থাকবে এবং আলাদা কোনো র্যাফেল ড্র টিকিট বিক্রি করা হবে না। প্রবেশ টিকিটের মাধ্যমেই লটারির মাধ্যমে পুরস্কার প্রদান করা হবে।
এছাড়া মেলায় জেলার ভেতর ও বাইরের ব্যবসায়ীদের অংশগ্রহণে একটি মিলনমেলার পরিবেশ সৃষ্টি হবে। পরিবার নিয়ে ঘোরার উপযোগী পরিবেশ নিশ্চিত করা এবং শিশুদের জন্য বিনোদনের ব্যবস্থা রাখার কথাও জানানো হয়। যেকোনো ধরনের অনৈতিক কর্মকাণ্ড বা অশ্লীলতা কঠোরভাবে দমন করা হবে বলে আশ্বাস দেন আয়োজকরা।
স্থানীয় ব্যবসায়ীদের অংশগ্রহণ নিয়ে এক প্রশ্নের জবাবে সভাপতি আক্তার হোসেন বলেন, আমরা কোয়ালিটির বিষয়টি গুরুত্ব দিয়ে দেখব। স্থানীয় ব্যবসায়ীরা যেন মানসম্মত পণ্য নিয়ে অংশ নিতে পারেন, সে সুযোগ থাকবে। এই মেলা তাদের জন্য শেখারও একটি প্ল্যাটফর্ম হবে।
সবশেষে, মেলার সফল বাস্তবায়নে সাংবাদিকসহ সকল শ্রেণি-পেশার মানুষের সহযোগিতা কামনা করেন আয়োজকরা।

















