মিথ্যা ও বানোয়াট সংবাদের প্রতিবাদ জাহাঙ্গীর খানের
- আপডেট সময় : ৩৩ বার পড়া হয়েছে
গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় নিজের ও পরিবারের বিরুদ্ধে প্রকাশিত মিথ্যা ও বানোয়াট সংবাদের প্রতিবাদ জানিয়েছেন জাহাঙ্গীর খান। এ বিষয়ে তিনি সাংবাদিকদের সামনে সংবাদ সম্মেলন করে আনুষ্ঠানিকভাবে প্রতিবাদ জানান।
সংবাদ সম্মেলনে জাহাঙ্গীর খান বলেন, তিনি টুঙ্গিপাড়া উপজেলার চর গোপালপুর গ্রামের বাসিন্দা। তার চতুর্থ কন্যা নুসরাত খানম তন্নী গত ২৪ ফেব্রুয়ারি ২০২৬ তারিখ সকাল আনুমানিক ৯টার দিকে তাদের বাড়ির সামনে বিষপান অবস্থায় পড়ে থাকতে দেখা যায়। পরে পরিবারের সদস্যরা দ্রুত তাকে উদ্ধার করে টুঙ্গিপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য গোপালগঞ্জ সদর হাসপাতালে নেওয়ার পরামর্শ দেন।
পরবর্তীতে তাকে গোপালগঞ্জ সদর হাসপাতালে নেওয়া হলে সেখান থেকে মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসকরা পরীক্ষা-নিরীক্ষা শেষে নুসরাত খানম তন্নীকে মৃত ঘোষণা করেন।
তিনি আরও জানান, এ ঘটনার পরিপ্রেক্ষিতে তিনি ২৬ ফেব্রুয়ারি ২০২৬ তারিখে টুঙ্গিপাড়া থানায় একটি মামলা দায়ের করেন। তবে তার জামাইয়ের পরিবার পূর্বের আত্মীয় হওয়ায় পারিবারিক বিষয় বিবেচনায় এবং কোনো ধরনের আর্থিক লেনদেন ছাড়াই আদালতের মাধ্যমে মামলাটি প্রত্যাহার করা হয়।
জাহাঙ্গীর খান অভিযোগ করেন, ঘটনার পর স্থানীয় কিছু অসাধু ব্যক্তি উদ্দেশ্যপ্রণোদিতভাবে কিছু সাংবাদিককে ডেকে এনে মিথ্যা, ভিত্তিহীন ও বানোয়াট তথ্য প্রদান করছে। এর ফলে বিভিন্ন পত্রিকায় আমি ও আমার পরিবারের বিরুদ্ধে বিভ্রান্তিকর সংবাদ প্রকাশিত হয়েছে, যা আমার মান-সম্মান ক্ষুণ্ন করছে।
তিনি এসব মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত সংবাদের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে সংশ্লিষ্ট সকলকে যাচাইবিহীন ও বিভ্রান্তিকর তথ্য প্রচার থেকে বিরত থাকার আহ্বান জানান।


















