শিক্ষিকার ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন
- আপডেট সময় : ৬৯ বার পড়া হয়েছে
মুক্তাগাছা শহরের মনিরামবাড়ী বালিকা আলিম মাদ্রাসার বাংলা বিভাগের সহকারী অধ্যাপক নুসরাত জাহানের ওপর হামলার প্রতিবাদে উত্তাল হয়ে উঠেছে প্রতিষ্ঠানটি। গতকাল সোমবার দুপুরে মাদ্রাসা ফটকের সামনে ময়মনসিংহ-টাঙ্গাইল মহাসড়কের পাশে মানববন্ধনে অংশ নেন মাদ্রাসার শিক্ষক, শিক্ষার্থী ও কর্মচারীসহ প্রায় তিন শতাধিক মানুষ।
মানববন্ধনে বক্তব্য দেন মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ রাহিমা খাতুন, সহকারী অধ্যাপক লতিফা চৌধুরী, নিলুফা ইয়াসমীন, প্রভাষক রুহুল আমীন, জয়নাল আবেদীন, মস্তোফা রায়হান, সহকারী শিক্ষক জাফরিন আক্তার, হারুন অর রশিদ ও স্বপন সূত্রধরসহ অনেকে।
বক্তারা বলেন, নতুন বাংলাদেশের অগ্রযাত্রায় ব্যক্তিগত সম্পত্তি দখল বা লোপাটের মতো ঘটনাগুলো অগ্রহণযোগ্য। এসব অনৈতিক কর্মকাণ্ড ঠেকাতে গিয়ে নুসরাত জাহান হামলার শিকার হয়েছেন এ ঘটনায় আমরা গভীর উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ করছি। তারা দ্রুত তদন্ত শেষ করে হামলাকারীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
উল্লেখ্য, গত বৃহস্পতিবার (২০ নভেম্বর) মুক্তাগাছা উপজেলার দাওগাঁও ইউনিয়নের সামানিয়া মোড়ে নুসরাত জাহানের স্বামীর প্রতিষ্ঠিত বলাকা ব্রিক্স ফিল্ডে ইট, মেশিনসহ বিভিন্ন মালামাল লুটের খবর পান তিনি। ঘটনাস্থলে গিয়ে লুটপাট বন্ধে বাধা দিলে দুর্বৃত্তরা তার ও সঙ্গে থাকা গাড়িচালকের ওপর হামলা চালায়। গুরুতর আহত অবস্থায় তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন।
এ বিষয়ে মুক্তাগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রিপন চন্দ্র গোপ বলেন, সংবাদ পেয়ে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়েছে। অভিযোগ পেলে তদন্তসাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।


















