সুবর্ণচরের ভয়াবহ অগ্নিকাণ্ড, ২২টি দোকান পুড়ে ছাই
- আপডেট সময় : ৩৯ বার পড়া হয়েছে
নোয়াখালীর সুবর্ণচর উপজেলার চরবাটা ইউনিয়নের ভূইয়ার হাট বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে ২৪টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। বুধবার (২৫ মার্চ) দিবাগত রাত আনুমানিক ১টা ৪৫ মিনিটে স্টীমারঘাট সংলগ্ন দক্ষিণ প্রান্তের একটি দোকান থেকে আগুনের সূত্রপাত হয়।
প্রত্যক্ষদর্শীরা জানান, গভীর রাতে হঠাৎ আগুনের লেলিহান শিখা দেখা দিলে মুহূর্তেই তা আশপাশের দোকানগুলোতে ছড়িয়ে পড়ে। এতে পুরো বাজার এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং ব্যবসায়ীরা দিশেহারা হয়ে পড়েন।
খবর পেয়ে সুবর্ণচর ফায়ার সার্ভিসের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। প্রায় ১০ মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয় এবং পরবর্তীতে সম্পূর্ণভাবে আগুন নির্বাপণ করা হয়।
ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, এ ঘটনায় ২০ জন ব্যবসায়ীর মোট ২৪টি দোকান ক্ষতিগ্রস্ত হয়েছে। এতে প্রায় ২৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তবে সময়মতো ফায়ার সার্ভিসের হস্তক্ষেপে প্রায় ২ কোটি টাকার মালামাল রক্ষা করা সম্ভব হয়েছে।
প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকেই আগুনের সূত্রপাত হয়েছে। তবে এ ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
সুবর্ণচর ফায়ার স্টেশনের কর্মকর্তা মো. রুবেল পাটোয়ারী জানান, দ্রুত ঘটনাস্থলে পৌঁছানোর ফলে বড় ধরনের ক্ষয়ক্ষতি থেকে রক্ষা পাওয়া গেছে। তিনি ব্যবসায়ীদের বৈদ্যুতিক সংযোগ ব্যবহারে আরও সতর্ক ও সচেতন হওয়ার আহ্বান জানান।


















