অগ্নিদগ্ধদের চিকিৎসা অব্যাহত রেখেছে চীনা চিকিৎসক দল
- আপডেট সময় : ১৩০ বার পড়া হয়েছে
উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে যুদ্ধবিমান বিধ্বস্তে অগ্নিদগ্ধদের চিকিৎসাসেবা দিতে ঢাকায় আসা চীনা চিকিৎসক দল বাংলাদেশ ইনস্টিটিউট অব বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারিতে তাদের কার্যক্রম অব্যাহত রেখেছে। গতকাল শনিবার ঢাকার চীনা দূতাবাস এক বার্তায় এ তথ্য জানায়।
চীনা দূতাবাস জানিয়েছে, চীনা চিকিৎসক ও নার্সরা ক্ষত সংক্রমণ প্রতিরোধ ও আহতদের নিয়মিত যত্নের পদ্ধতি সম্পর্কে বাংলাদেশি চিকিৎসকদের পরামর্শ দিচ্ছেন। তারা রোগীদের অবস্থা পরীক্ষা, ক্ষত পরিষ্কার, ড্রেসিং পরিবর্তন, ধমনিতে ছিদ্র করতে সহায়তা ও অস্ত্রোপচারের জন্য নির্দেশনা দিচ্ছেন। চিকিৎসক দলটি সিঙ্গাপুর ও ভারতের চিকিৎসক দলসহ বাংলাদেশি চিকিৎসকদের সঙ্গেও পরামর্শ করছে। চীনা পক্ষ জোর দিয়ে বলেছে যে, তারা আহতদের চিকিৎসায় বাংলাদেশকে সব ধরনের সহায়তায় আগ্রহী। গত ২৪ জুলাই বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের অনুরোধে পাঁচজন পোড়া বিশেষজ্ঞ ডাক্তার ও নার্সের সমন্বয়ে গঠিত চীনা চিকিৎসক দল ঢাকায় আসে।























