ইসলামপুরে জামায়াতের সংবাদ সম্মেলন
- আপডেট সময় : ৬০ বার পড়া হয়েছে
জামালপুরের ইসলামপুরে কয়েকটি জাতীয় দৈনিক পত্রিকায় ও অনলাইন নিউজ পোর্টালে জামায়াতের কর্মীরা বিএনপিতে যোগদান করেছেন এমন মিথ্যা ও ভিত্তিহীন সংবাদ প্রকাশের প্রতিবাদে ইসলামপুর উপজেলা বাংলাদেশ জামায়াতে ইসলামী এক সংবাদ সম্মেলন করেছে।
গতকাল শনিবার উপজেলা জামায়াতে ইসলামীর দলীয় কার্যালয়ে আয়োজিত এ সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন উপজেলা সহকারী সেক্রেটারি ও প্রচার ও গণমাধ্যম বিভাগের প্রধান আব্দুর রহমান ওমর।
তিনি বলেন, কিছু জাতীয় দৈনিক পত্রিকা ও অনলাইন পোর্টালে প্রকাশিত খবরের মাধ্যমে দাবি করা হয়েছে যে, কুলকান্দি ইউনিয়নের ০১নং ওয়ার্ডের জামায়াতের কয়েকজন পদধারী নেতা বিএনপিতে যোগ দিয়েছেন। সংবাদে উল্লেখিত তিন ব্যক্তি কখনোই জামায়াতের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত ছিলেন না বরং তারা আগে থেকেই বিএনপির রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন। তাদের পুনরায় যোগদান দেখানো প্রকৃতপক্ষে একটি হাস্যকর প্রচেষ্টা ছাড়া আর কিছুই নয় বলেন তিনি।
তিনি আরও অভিযোগ করেন, ইসলামপুরে জামায়াতে ইসলামী যখন জনগণের আস্থা অর্জন করে শক্ত অবস্থান তৈরি করছে, তখন নির্বাচনের প্রাক্কালে কতিপয় পক্ষপাতদুষ্ট কয়েক জন এ সাফল্যকে ব্যাহত করতে উদ্দেশ্য প্রণোদিত মিথ্যা সংবাদ প্রচার করছেন। এ ধরনের অপপ্রচারের বিরুদ্ধে তিনি তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।
আব্দুর রহমান ওমর আশা প্রকাশ করেন মূলধারার গণমাধ্যমগুলো সত্যকে প্রাধান্য দিয়ে জনগণের সামনে প্রকৃত ঘটনা তুলে ধরবে।
সংবাদ সম্মেলনে জামায়াতে ইসলামীর স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।













