কেশবপুরে জমি বিরোধের জেরে মামলা
- আপডেট সময় : ১৮ বার পড়া হয়েছে
যশোরের কেশবপুর উপজেলায় জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে গাছ কেটে দখল, মারধর ও প্রাণনাশের হুমকির অভিযোগে আদালতে মামলা দায়ের করা হয়েছে। মোঃ আমজাদ হোসেন (৩০), পিতা– মোঃ জোবান সরদার, সাং– ভোগতি নরেন্দ্রপুর, পৌরসভার ২ নম্বর ওয়ার্ড, থানা– কেশবপুর, জেলা– যশোর বাদী হয়ে মোঃ নজরুল ইসলাম, ওলিয়ার রহমান, ফজলু সরদার, সজিব সরদার, ইসরাফিল, রেঞ্জ বেগম, মকসেদ আলী, কিতাব সরদার, মাহাবুর সরদার, আজিজ সরদার, জামাল সরদার, সাজ্জাত সরদার, ফুলি বেগম, জোহরা বেগম, মরিয়ম বেগম ও তামান্না—সকলেই ভোগতি নরেন্দ্রপুর এলাকার বাসিন্দা হিসেবে বিবাদীদের বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে।
মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ২১ জানুয়ারি ২০২৬ তারিখ সকাল ৭টা থেকে ৯টার মধ্যে কেশবপুর থানাধীন ভোগতি নরেন্দ্রপুর মৌজায় বাদীর পৈত্রিক ১৩ শতক জমিতে দেশীয় অস্ত্র ও ধারালো কুড়ালসহ বেআইনিভাবে প্রবেশ করে বিবাদীরা। এ সময় জমিতে লাগানো ২০টি মেহগনি গাছ, ৩টি আমগাছ, ৫টি আমড়া গাছ, ১০টি কাঁঠাল গাছসহ বিভিন্ন ফলজ ও বনজ গাছ কেটে ফেলা হয়।
বাদী ও সাক্ষীরা বাধা দিলে তাদের ওপর এলোপাতাড়ি হামলা চালানো হয় বলে অভিযোগ করা হয়েছে। এতে বাদীসহ দুইজন সাক্ষী আহত হন। গাছ কাটা ও ভাঙচুরে আনুমানিক এক লাখ ৫০ হাজার টাকার ক্ষতি হয়েছে বলে মামলায় উল্লেখ করা হয়।
এজাহারে আরও বলা হয়, ধারালো দা ও কুড়াল উঁচিয়ে বিবাদীরা স্থানীয়দের ভয়ভীতি দেখিয়ে ঘটনাস্থল ত্যাগে বাধ্য করে এবং পরে মামলা করলে হত্যা করে লাশ গুম করার হুমকি দেয়।
বাদীর দাবি, ঘটনার স্থিরচিত্র ও ভিডিও ফুটেজ তার মোবাইলে সংরক্ষিত রয়েছে। থানায় মামলা করতে গেলে সংশ্লিষ্ট থানা কর্তৃপক্ষ আদালতে মামলা করার পরামর্শ দেন বলে এজাহারে উল্লেখ করা হয়েছে।
মামলাটি দণ্ডবিধির ১৪৩, ৪৪৮, ৩২৩, ৪২৭ ও ৫০৬(২) ধারায় কেশবপুর আমলি আদালতের বিজ্ঞ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে দায়ের করা হয়েছে।
মামলার বিবাদী নজরুল ইসলামের মুঠোফোনে একাধিকবার যোগাযোগ করার চেষ্টা করেও পাওয়া যায় নাই।










