জুড়ীতে ভয়াবহ অগ্নিকাণ্ডে দুই পরিবার নিঃস্ব
- আপডেট সময় : ২১ বার পড়া হয়েছে
মৌলভীবাজারের জুড়ী উপজেলায় ভয়াবহ অগ্নিকাণ্ডে দুইটি পরিবার সর্বস্বান্ত হয়ে পড়েছে। গত রাতে বজ্রপাতের তীব্র শব্দের পর বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে জানা গেছে।
উপজেলার ফুলতলা ইউনিয়নের দক্ষিণ-পশ্চিম বিরইনতলা গ্রামের বাসিন্দা হাজী আহমদ আলী (সৌদি আরব প্রবাসী), মাওলানা আব্দুল হাকিম ও মনির আলী সাহেবের বসতঘরে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আগুন দ্রুত ছড়িয়ে পড়ে পুরো ঘরবাড়ি গ্রাস করে নেয়।
স্থানীয়দের তাৎক্ষণিক সহযোগিতা এবং ফায়ার সার্ভিস ও বিজিবির যৌথ প্রচেষ্টায় প্রায় ৩ ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়।
এ ঘটনায় মোট ৫টি কক্ষ ও ২টি দোকান সম্পূর্ণ পুড়ে যায়। পাশাপাশি নগদ টাকা, আসবাবপত্র ও প্রয়োজনীয় মালামালসহ ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে।
ক্ষতিগ্রস্ত পরিবারগুলো বর্তমানে খোলা আকাশের নিচে মানবেতর জীবনযাপন করছে। স্থানীয় প্রশাসন ও সমাজের বিত্তবানদের দ্রুত সহায়তার আহ্বান জানিয়েছেন এলাকাবাসী।


















