টুঙ্গিপাড়ায় এমপি এস এম জেলানীর বিভিন্ন কর্মসূচি
- আপডেট সময় : ৭৫ বার পড়া হয়েছে
গোপালগঞ্জ-৩ আসনের বিএনপির নবনির্বাচিত সংসদ সদস্য ও বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সভাপতি এস. এম. জিলানী টুঙ্গিপাড়া উপজেলায় দিনব্যাপী বিভিন্ন কর্মসূচিতে অংশ নিয়ে ব্যস্ত সময় পার করেছেন। প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময়, দুস্থ মানুষের মাঝে ইফতার সামগ্রী বিতরণ, বৃক্ষরোপণ কর্মসূচি এবং নিরাপদ পানি সরবরাহ প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপনসহ নানা কর্মসূচিতে অংশ নেন তিনি।
গতকাল সোমবার টুঙ্গিপাড়া উপজেলা পরিষদে অনুষ্ঠিত মতবিনিময় সভায় তিনি উপজেলার সার্বিক উন্নয়ন, সরকারি সেবার মান বৃদ্ধি এবং জনসাধারণের কাছে প্রশাসনিক সেবা আরও সহজলভ্য করার বিষয়ে কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করেন।
মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জহিরুল আলম, সহকারী কমিশনার (ভূমি) আল আমিন হালদার, উপজেলা কৃষি কর্মকর্তা রাকিবুল ইসলাম, উপজেলা মৎস্য কর্মকর্তা দেবাশীষ বাছার, টুঙ্গিপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আইয়ুব আলী, ওসি (তদন্ত) নয়ন দেবনাথ, উপজেলা প্রকৌশলী জালাল উদ্দিন খান, টুঙ্গিপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. তানভীর আহমেদ এবং জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের উপসহকারী প্রকৌশলী প্রদীপ কুমারসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা।
সভা শেষে উপজেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে অসহায় ও দুস্থ মানুষের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করেন সংসদ সদস্য এস. এম. জিলানী। পরে উপজেলা চত্বরে উপস্থিত সকলকে সঙ্গে নিয়ে বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে একটি ঔষধি গাছ—অর্জুন গাছ—রোপণ করেন তিনি।
এরপর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও দলীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে উপজেলার বাঁশবাড়ীয়া গ্রামের চৌরঙ্গী এলাকায় জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের বাস্তবায়নে “সমগ্র দেশের নিরাপদ পানি সরবরাহ প্রকল্প”-এর আওতায় গ্রামীণ পাইপড ওয়াটার সাপ্লাই স্কিম নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন তিনি।
পরে তিনি ১০০ শয্যাবিশিষ্ট টুঙ্গিপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করেন। এ সময় স্বাস্থ্য কমপ্লেক্সের পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. তানভীর আহমেদ ফুল দিয়ে তাকে স্বাগত জানান। পরিদর্শনকালে তিনি হাসপাতালের বিভিন্ন বিভাগ ও ওয়ার্ড ঘুরে দেখেন এবং চিকিৎসাধীন রোগীদের খোঁজখবর নেন।
স্বাস্থ্য কমপ্লেক্সের হলরুমে পরে এক সৌজন্য সাক্ষাৎ ও পরিচয় পর্ব অনুষ্ঠিত হয়। এতে হাসপাতালের চিকিৎসক, কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন। এ সময় সংসদ সদস্য এস. এম. জিলানী সবাইকে সততা, দায়িত্ববোধ ও নিষ্ঠার সঙ্গে জনগণের সেবা করার আহ্বান জানান।
স্থানীয়দের মতে, নবনির্বাচিত সংসদ সদস্যের এই সফর টুঙ্গিপাড়ায় উন্নয়ন কর্মকাণ্ডকে আরও গতিশীল করতে ইতিবাচক ভূমিকা রাখবে।



















