টেকনাফে মানব পাচারকারী চক্রের ৪ সদস্য আটক
- আপডেট সময় : ১২২ বার পড়া হয়েছে
কক্সবাজারের টেকনাফে বিশেষ অভিযানে মানব পাচারকারী চক্রের চার সদস্যকে আটক ও আটজন ভুক্তভোগীকে উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (২ বিজিবি)। গত সোমবার গভীর রাতে সাবরাং ইউনিয়নের পানছড়ি এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযান টের পেয়ে কয়েকজন পাচারকারী পালিয়ে গেলেও চারজনকে গ্রেপ্তার করতে সক্ষম হয় বিজিবি। উদ্ধার হওয়া আটজন ভুক্তভোগীর মধ্যে ছয় নারী ও দুই শিশু রয়েছে, যাদের সবাই বিভিন্ন এফডিএমএন ক্যাম্পের বাসিন্দা।
আটকরা হলেন—আসমা (১৯), শাবনূর (২০), জহুরা (৪৩) ও সাহারা খাতুন (৬২)। পলাতক অভিযুক্ত আব্দুল মোতালেব ওরফে কালা বদ্দা (৩০)।
ভুক্তভোগীরা জানান, বিদেশে উচ্চ বেতনের কাজের প্রলোভনে তাদেরকে আটকে রাখা হয়েছিল। আটক আসামিদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, পাহাড়ি এলাকায় একের পর এক অভিযানের পর পাচারকারীরা এখন লোকালয় ব্যবহার করে সাগরপথে মানুষ পাচারের চেষ্টা চালাচ্ছে।
২ বিজিবি অধিনায়ক লে. কর্নেল আশিকুর রহমান, পিএসসি জানান, মানব পাচার চক্রের বিরুদ্ধে বিজিবির কঠোর নজরদারি ও অভিযান অব্যাহত থাকবে। আটক আসামিদের বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন এবং উদ্ধার ব্যক্তিদের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে হস্তান্তরের ব্যবস্থা চলছে।


















