ধামরাইয়ে বেপরোয়া ট্রাকের চাপায় স্কুলছাত্র মাহিম নিহত
- আপডেট সময় : ৫৬ বার পড়া হয়েছে
ঢাকার ধামরাই-এ ইটবোঝাই ট্রাকের চাপায় মাহিম (১২) নামে এক স্কুলছাত্র নিহত হয়েছে। গত মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) সকাল ১০টার দিকে উপজেলার নান্নার ইউনিয়নের ধাইরা ব্রিজের উপর এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
নিহত মাহিম নান্নার ইউনিয়নের গোপাল কৃষ্ণপুর গ্রামের মো. এখলাচের ছেলে। সে স্থানীয় আশাবোন স্কুলের সপ্তম শ্রেণির ছাত্র ছিল। তার অকাল মৃত্যুর ঘটনায় পরিবার ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। বাড়িতে চলছে স্বজনদের আহাজারি।
স্থানীয়দের অভিযোগ, সকালে মাহিম স্কুলে যাওয়ার সময় ধাইরা ব্রিজে বিবিসি ইটভাটার ইটবোঝাই একটি বেপরোয়া গতির ট্রাক তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
ধামরাই উপজেলা জিয়া পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক মো. শামীম হোসেন বলেন, অতিরিক্ত গতিতে ব্রিজ অতিক্রম করার সময় ট্রাকটি মাহিমকে চাপা দেয়।
ধামরাই থানার উপ-পরিদর্শক (এসআই) মো. আজাহারুল হক জানান, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করেছে। ঘাতক ট্রাক ও চালক ঘটনাস্থল থেকে পালিয়ে গেছে। তাদের শনাক্ত ও আটকের চেষ্টা চলছে। আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।



















