নওগাঁয় বালুডাঙ্গা বাসস্ট্যান্ডে সড়ক প্রশস্তকরণেও কাজে আসছে না
- আপডেট সময় : ১০৩ বার পড়া হয়েছে
নওগাঁ শহরের কেন্দ্রীয় বাস টার্মিনালের সড়ক প্রশস্তকরণের পরও কোন কাজে আসছে না। সড়কের ওপর বাস ও বিভিন্ন যানবাহন রাখায় রাস্তা সরু হয়ে যানজটে বিড়ম্বনা পোহাতে হচ্ছে পথচারীদের। টার্মিনালটি আধুনিকায়ন করাসহ দূর্ভোগ নিরসন ও দূর্ঘটনা এড়াতে যানবাহনগুলো সরানোর দাবী পথচারীদের। দ্রুত সড়কটি দখলমুক্ত করে জনজীবন স্বাভাবিক ও চলাচলের উপযোগী করার দাবী স্থানীয়দের।
শহরের যানজট নিরসনে আশির দশকে শহরে প্রবেশ মুখে বালুডাঙায় কেন্দ্রীয় বাস টার্মিনালটি স্থানান্তর করা হয়। এ টার্মিনাল থেকে প্রতিদিন জেলা সদর সহ ১১টি উপজেলা এবং পার্শ্ববর্তী আরো ৫টি জেলায় বাস চলাচল করে। প্রতিদিন অন্তত ৩০০টি বাসে চালক ও সুপারভাইজারসহ কয়েক হাজার শ্রমিক কাজ করে। জরাজীর্ণ অবস্থা বাস টার্মিনালে পানি নিষ্কাশনের ব্যবস্থা না থাকায় সামান্য বৃষ্টিতে জলাবদ্ধতা তৈরি হয়। কাঁদা পানি মাড়িয়ে যাত্রীদের বাসে উঠতে হয়। যাত্রীদের জন্য নেই বসার কোন ব্যবস্থা, নেই যাত্রী ছাউনি ও টয়লেট। এ টার্মিনালে প্রয়োজনের তুলনায় জায়গা স্বল্পতা হওয়ায় সবসময় ভীড় লেগেই থাকে।
এক বছর আগে বাসস্ট্যান্ড থেকে বরুনকান্দি মোড় পর্যন্ত প্রায় ১ কিলোমিটার সড়ক ফোরলেনে প্রশস্তকরণ করে সড়ক বিভাগ। প্রশস্তকরণের পরও পথচারীদের জন্য সড়কটি তেমন কোন কাজে আসছে না। প্রশস্তকরণ সড়কের দুই পাশ দখল করে বাস, অটোরিকশা ও ব্যাটারিচালিত অটোরিকশা সহ বিভিন্ন যানবাহন রাখা হয়েছে। সড়কটি সরু হওয়ায় সবসময় ভীড় লেগেই থাকে। ঝুঁকি নিয়ে চলাচল করতে হচ্ছে পথচারীদের। যে কোন সময় বড় ধরণের দূর্ঘটনা ঘটনার শঙ্কা রয়েছে।
শহরের বরুনকান্দির এলাকার বাসীন্দা কালাম হোসেন বলেন- এক বছর আগেও সড়কটি সরু ছিল। কিন্তু প্রশস্ত করার পরও পথচারীদের কোন কাজেই আসছে না। ভীড় সবসময় লেগেই থাকে। এরকারণ সড়কের পাশ দখল করে বিভিন্ন যানবাহন রাখা হয়েছে। এতে প্রায় দূর্ঘটনা ঘটছে। দূর্ঘটনা এড়াতে যানবাহনগুলো সরানো জরুরী হয়ে পড়েছে।
শহরের চকপ্রাণ মহল্লার বাসীন্দা নাজিম উদ্দিন বলেন- বালুডাঙ্গা বাসস্ট্যান্ড থেকে জেলার বিভিন্ন উপজেলা ও কয়েকটি জেলার বাস চলাচল করে। অথচ বাসস্ট্যান্ড অবস্থা জরাজীর্ণ। সামান্য বৃষ্টিতে জলাবদ্ধতা ও কাঁদা হয়ে যায়। বাস থেকে নামার পর দাঁড়ানোর জায়গা না থাকায় রোদে থাকতে হয় এবং বৃষ্টিতেও ভীজতে হয়। জরাজীর্ণ এ বাস টার্মিনালটি সংস্কার করে আধুনিকায়নের দাবী জানাই।
নওগাঁ সড়ক ও জনপথ বিভাগের উপ-বিভাগীয় প্রকৌশলী নূরে আলম সিদ্দিক বলেন-মানুষের জীবনযাত্রা সহজ করতে বালুডাঙ্গা বাসস্ট্যান্ড থেকে বরুনকান্দি মোড় পর্যন্ত এক কিলোমিটার সড়ক ফোরলেনে উন্নীতকরণ করা হয়েছে। কিন্তু সড়কের দুইপাশের জায়গা দখল করে বাস, ট্রাকসহ বিভিন্ন যানবাহন রাখা হয়েছে এবং ওয়ার্কসপের কাজ সড়কের ওপর করা হয়ে থাকে। সড়কের ওপর যানবাহন না রাখতে ইতোমধ্যে কয়েকবার মাইকিং করে সচেতন করা হয়েছে। মাইকিং করার পর কিছুদিন ফাঁকা থাকে। পরবর্তীতে আবারো একই চিত্র দেখা যায়। প্রয়োজনে প্রশাসনের সহযোগিতায় অভিযান পরিচালনা করে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে।
নওগাঁ জেলা সড়ক পরিবহন মালিক গ্রুপের সভাপতি সৈয়দ রেজাউল মোস্তফা কালিমী বাবু বলেন- বালুডাঙ্গা বাসস্ট্যান্ডের জায়গা স্বল্পতা রয়েছে। বাসস্ট্যান্ডের পেছনে পৌরসভার জায়গা রয়েছে যেখানে ভাগাড়ে পরিণত হয়েছে। সেখানে প্রতিদিন পৌরসভার ময়লা আর্বজনা ফেলা হয়। দূর্গন্ধে অতিষ্ট চালক ও শ্রমিকরা। বাস রাখার জায়গার স্বল্পতার কারণে বাধ্য হয়ে সড়কের ওপর রাখতে হয়েছে।


















