নগরকান্দায় হালি পেঁয়াজের আবাদ, কৃষকদের মুখে হাসি
- আপডেট সময় : ৪৪ বার পড়া হয়েছে
নগরকান্দা উপজেলাজুড়ে চলতি মৌসুমে ফসলের মাঠ ভরে উঠেছে হালি পেঁয়াজের আবাদে। অনুকূল আবহাওয়া ও কৃষকদের বাড়তি আগ্রহে এ বছর পেঁয়াজ চাষে যোগ হয়েছে নতুন মাত্রা। মাঠজুড়ে সবুজের সমারোহে কৃষকদের মুখে ফুটেছে আশার হাসি।
উপজেলা কৃষি বিভাগ সূত্রে জানা গেছে, এবছর প্রায় ৯ হাজার হেক্টর জমিতে পেঁয়াজের আবাদ হয়েছে, যা গত বছরের তুলনায় প্রায় ১ হাজার হেক্টর বেশি।
উপজেলা কৃষিবিদ মোঃ রেজাউল করিম বলেন, “আবহাওয়া অনুকূলে থাকলে এ বছর পেঁয়াজের ফলন ভালো হওয়ার সম্ভাবনা রয়েছে।”
উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে সরকারিভাবে ৬৮০ জন কৃষককে জনপ্রতি ১ কেজি করে শীতকালীন পেঁয়াজের বীজ প্রদান করা হয়েছে। এছাড়া গ্রীষ্মকালীন পেঁয়াজ চাষের জন্য ২৫ জন কৃষককে প্রণোদনা দেওয়া হয়েছে বলে কৃষি বিভাগ নিশ্চিত করেছে।
উপজেলার বিভিন্ন ইউনিয়নে সরেজমিনে দেখা গেছে, উঁচু ও মাঝারি জমিতে পেঁয়াজের চাষ বেশি হচ্ছে। জমিগুলো পেঁয়াজ চাষের উপযোগী হওয়ায় এবং গত কয়েক বছরে ভালো ফলন পাওয়ায় কৃষকদের আগ্রহ ক্রমেই বাড়ছে। অনেক কৃষক ধান ও অন্যান্য ফসলের পরিবর্তে অধিক লাভের আশায় পেঁয়াজ চাষে ঝুঁকছেন।
কৃষি সংশ্লিষ্টদের মতে, বাজারমূল্য অনুকূলে থাকলে চলতি মৌসুমে পেঁয়াজ চাষে কৃষকরা ভালো লাভবান হবেন। এতে স্থানীয় অর্থনীতিতেও ইতিবাচক প্রভাব পড়বে বলে প্রত্যাশা করা হচ্ছে।



















