নালিতাবাড়ী মডেল মসজিদে বিল বকেয়া, বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন
- আপডেট সময় : ৩২ বার পড়া হয়েছে
শেরপুরের নালিতাবাড়ী উপজেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রে বিদ্যুৎ বিল বকেয়া থাকায় সংযোগ বিচ্ছিন্ন করেছে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (বিউবো)। দীর্ঘ ৩৫ মাস ধরে জমে থাকা বিল পরিশোধ না করায় গত ৬ জানুয়ারি বিদ্যুৎ সংযোগ কেটে দেওয়া হয়। ফলে পবিত্র রমজান মাসে অন্ধকারে মোমবাতি জ্বালিয়ে তারাবি নামাজ আদায় করছেন মুসল্লিরা।
এব্যাপারে মসজিদ পরিচালনা কমিটির সভাপতি ও নালিতাবাড়ীর ইউএনও রেজওয়ানা আফরিন সাংবাদিকদের বলেন, আমি আজ জানতে পেরেছি যে মসজিদের প্রায় ৭ লাখ টাকা বিদ্যুৎ বিল বকেয়া রয়েছে। বিদ্যুত বিভাগের সঙ্গে কথা বলেছি। তারা জানিয়েছে,বিষয়টি জেলায় আলোচনা করে ব্যবস্থা নেওয়া হবে।যেহেতু বিপুল পরিমাণ বকেয়া,তাই উচ্চপর্যায়ে আলোচনা প্রয়োজন।
নালিতাবাড়ী উপজেলা পল্লী বিদ্যুতের এজিএম হাবিব বলেন,“এটি আমাদের লাইন নয়,এটি বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের লাইন।
এবিষয়ে নালিতাবাড়ী উপজেলার পিডিবির আবাসিক প্রকৌশলী আব্দুল মোমিন সাংবাদিকদের বলেন,“৮ লাখ ২৮ হাজার টাকা বকেয়া থাকায় সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। এটি এসটি লাইন হওয়ায় ব্যবহার না করলেও মাসে ১৫ হাজার টাকার বেশি ডিমান্ড চার্জ আসে। ইসলামিক ফাউন্ডেশনের সঙ্গে কথা হয়েছে,কিন্তু তারা কার্যকর কোনো উদ্যোগ নেয়নি। উপর থেকে নির্দেশনা এসেছে মডেল মসজিদগুলো বিল পরিশোধে ব্যর্থ হলে প্রিপেইড মিটারে সংযোগ দেওয়া হবে। সংযোগ বিচ্ছিন্নের আগে নোটিশ দেওয়া হয়েছিল,তবে কোনো সাড়া না পাওয়ায় লাইন কাটা হয়েছে।
উপজেলা ইসলামিক ফাউন্ডেশন সূত্রে জানা যায়,নালিতাবাড়ী উপজেলার বাঘবেড় ইউনিয়নের রানীগাঁও এলাকায় নির্মিত এ মডেল মসজিদে ১ জন পেশ ইমাম,১ জন মুয়াজ্জিন ও ২ জন খাদেম কর্মরত আছেন। তাঁদের সম্মানী বহন করে ইসলামিক ফাউন্ডেশন। তবে বিদ্যুৎ বিল,পরিচ্ছন্নতা ও অন্যান্য পরিচালন ব্যয় চলে মুসল্লিদের অর্থে।
মসজিদটির দাতা সদস্য পান্না সাংবাদিকদের বলেন,“শুরু থেকেই ৬-৭ লাখ টাকা বিদ্যুৎ বিল বকেয়া রয়েছে। প্রায় দেড় মাস আগে লাইন কেটে দেওয়া হয়েছে।এখন অন্ধকারে মোমবাতি জ্বালিয়ে নামাজ আদায় করা হচ্ছে। এলাকার যুবসমাজের উদ্যোগে একটি প্রিপেইড লাইন আনার চেষ্টা চলছে।
রমজান মাসে মডেল মসজিদে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন থাকায় মুসল্লিদের মধ্যে ক্ষোভ ও হতাশা দেখা দিয়েছে। দ্রুত সংযোগ পুনঃস্থাপনের দাবি জানিয়েছেন স্থানীয়রা।


















