নেছারাবাদে ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে স্বাস্থ্য বিভাগের অভিযান
- আপডেট সময় : ৩৩ বার পড়া হয়েছে
পিরোজপুরের নেছারাবাদ উপজেলায় বেসরকারি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারগুলোর সেবার মান নিশ্চিত করতে অভিযান ও পরিদর্শন পরিচালনা করেছে উপজেলা স্বাস্থ্য বিভাগ।
গতকাল রোববার (১২ এপ্রিল) সকাল থেকে দুপুর পর্যন্ত স্বাস্থ্য মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী এ অভিযান পরিচালনা করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (ইউএইচএফপিও) ডা. আসাদুজ্জামান। এ সময় উপজেলার বিভিন্ন বেসরকারি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার পরিদর্শন করা হয়।
অভিযান চলাকালে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর লাইসেন্স নবায়ন অবস্থা, চিকিৎসা পরিবেশের পরিচ্ছন্নতা, স্বাস্থ্যবিধি অনুসরণ এবং রোগীদের জন্য প্রদত্ত সেবার সার্বিক মান যাচাই করা হয়। একই সঙ্গে স্বাস্থ্যসেবার মান উন্নয়নে করণীয় বিষয়ে প্রতিষ্ঠান পরিচালকদের প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করা হয়।
পরিদর্শন শেষে ডা. আসাদুজ্জামান সাংবাদিকদের জানান, অভিযানে বড় ধরনের কোনো অনিয়ম ধরা পড়েনি। তবে কিছু ক্ষেত্রে আরও সচেতনতা বৃদ্ধির প্রয়োজন রয়েছে বলে তিনি উল্লেখ করেন। তিনি বলেন, “সকল ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারকে অবশ্যই সরকারি নিয়মনীতি মেনে পরিচালিত হতে হবে। কোনো প্রতিষ্ঠান নিয়মবহির্ভূত কার্যক্রমে জড়িত থাকলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”
তিনি আরও বলেন, উপজেলার জনগণকে মানসম্মত ও নিরাপদ স্বাস্থ্যসেবা প্রদান নিশ্চিত করতে এ ধরনের তদারকি কার্যক্রম নিয়মিতভাবে পরিচালনা করা হবে।
অভিযানে উপস্থিত ছিলেন ডা. বিপ্লব রায়, ডা. এস এম আখমল এবং প্রধান সহকারী সামসুল হুদা, প্রমুখ।
















