বিজিবির অভিযানে পিস্তল-গুলি উদ্ধার, রোহিঙ্গাসহ আটক ২
- আপডেট সময় : ১৮ বার পড়া হয়েছে
বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলায় বিজিবির বিশেষ অভিযানে ২টি পিস্তল ও ৪২ রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় এক রোহিঙ্গা যুবকসহ ২ জনকে আটক করেছে বিজিবি।
গত শনিবার সামরিক গোয়েন্দার তথ্যের ভিত্তিতে নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়ন (১১ বিজিবি)-এর একটি টহল দল উপজেলার সদর ইউনিয়নের বাগানঘোনা এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় ১টি টিটি ক্যালিবার ৯ মি.মি. পিস্তল, ১টি অজ্ঞাত ধরনের পিস্তল এবং ৪২ রাউন্ড জীবন্ত গুলিসহ মো. ফারুক (২১) নামে এক রোহিঙ্গা যুবককে আটক করা হয়। তিনি রোহিঙ্গা ক্যাম্প-১৩, ব্লক এফ-১ এলাকার মো. হোসেনের ছেলে।
পরে আটক ফারুকের দেওয়া তথ্যের ভিত্তিতে নাইক্ষ্যংছড়ি উপজেলার চাকডালা বাজার এলাকায় অভিযান চালিয়ে মো. নুরুল আলম (৩০) নামে আরও একজনকে আটক করা হয়। তিনি নাইক্ষ্যংছড়ি সদর ইউনিয়নের প্রধানঝিরি এলাকার সোলেমানের ছেলে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটকরা জানায়, ‘আয়াতুল্লাহ’ নামের এক ব্যক্তির নির্দেশে মাত্র ২০ হাজার টাকার বিনিময়ে তারা অস্ত্র দুটি বহন করে নাইক্ষ্যংছড়ি সদর ইউনিয়নের ‘ক্যাফে-১৩’ নামের একটি হোটেলে অন্য পক্ষের কাছে হস্তান্তরের পরিকল্পনা করছিল।
আটক দুজনকে অস্ত্র ও গোলাবারুদসহ নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়ন (১১ বিজিবি)-এর হেফাজতে রাখা হয়েছে। তাদের জিজ্ঞাসাবাদ অব্যাহত রয়েছে এবং এ ঘটনায় সংশ্লিষ্টদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানিয়েছে বিজিবি।
নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মো. ফয়জুল কবির বলেন, সীমান্ত এলাকায় আইন-শৃঙ্খলা রক্ষা ও অবৈধ অস্ত্র চোরাচালান প্রতিরোধে বিজিবি নিয়মিত টহল ও গোয়েন্দা কার্যক্রম জোরদার করেছে। ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।













