শীতের ঢেউয়ে লেপ-তোশক কারিগরদের নিশি-জাগা পরিশ্রম
- আপডেট সময় : ৭৮ বার পড়া হয়েছে
শীতের আগমনী বার্তায় কেশবপুর জুড়ে যেন শুরু হয়েছে লেপ–তোশক মৌসুমের উৎসব। দিনের বেলা রোদ ঝলমলে থাকলেও ভোরের কুয়াশা আর সন্ধ্যার হিমেল হাওয়া জানান দিচ্ছে—শীত আর দরজার বাইরে নয়। আর ঠিক সেই মুহূর্তেই কেশবপুরের লেপ–তোশক কারিগর বা ধুনকদের ব্যস্ততা আকাশছোঁয়া হয়ে উঠেছে। উপজেলার শতাধিক দোকানে এখন সকাল থেকে গভীর রাত পর্যন্ত একটানা কাজ—তুলো ধোয়া, ধুনন, সেলাই, ডিজাইন তৈরি—সব জায়গাতেই কর্মচাঞ্চল্য।
বাজারে ক্রেতার ঢল, অর্ডারের চাপ সামলাতে হিমশিম খাচ্ছে কারিগররা। শীত পুরোপুরি নামার আগেই বেডিং দোকানগুলোতে ভিড় জমাতে শুরু করেছে সাধারণ মানুষ। পাতলা কম্বলে আর শীত মানছে না বলে নতুন লেপ বানাতে অনেকে অর্ডার দিচ্ছেন। কেউ আবার পুরনো লেপ–তোশকে নতুন তুলা ভরছেন বা মেরামত করাচ্ছেন।
দোকানিদের দাবি—এই মৌসুমের শুরুতেই বিক্রি গত বছরের তুলনায় উল্লেখযোগ্যভাবে বেড়েছে। শীত আরও বাড়লে অর্ডারের চাপ দ্বিগুণ হবে বলে প্রত্যাশা তাদের। কাপড়-তুলার চড়া দাম কারিগরদের চিন্তায় ফেলেছে। তুলা ও কাপড়ের দাম গত বছরের তুলনায় বেড়েছে ২০–৩০ শতাংশ। বর্তমান বাজারদর শিমুল তুলা: ৬০০–৯০০ টাকা কেজি, কার্পাস তুলা: ৩০০–৩৫০ টাকা কেজি, কালো তুলা: ৭৫–৮০ টাকা কেজি, রাবিশ তুলা: ৬০–৮০ টাকা কেজি, সাদা তুলা: ১০০–১২০ টাকা কেজি প্রতি গজ কাপড়েও বেড়েছে ১০–১৫ টাকা। ফলে একটি মাঝারি লেপ তৈরি করতে খরচ পড়ছে ১,২০০–২,০০০ টাকা, যা গত বছর থেকে প্রায় ৩০০–৪০০ টাকা বেশি।
কারিগরদের ভাষায় দাম বাড়ায় লাভ কম, কিন্তু অর্ডার বেশি বলে দিন-রাত পরিশ্রম করতে হচ্ছে। শীতের আমেজে হাট-বাজারে চাঙ্গা লেপতোশকের মৌসুমি ব্যবসা। কেশবপুরের বিভিন্ন হাট–বাজারে দেখা গেছে—কারিগরদের কদর এখন সবচেয়ে বেশি। মানুষ শীতের প্রস্তুতি নিতে দোকানে দোকানে ঘুরছেন। কেউ রোদে পুরনো লেপ দিচ্ছেন, কেউ ধুনন করাচ্ছেন। দোকানিরা বলছেন শীতটা যদি ভালো থাকে, এক মৌসুমের আয়েই সারা বছর সংসার চলে যায়।




















