গোমস্তাপুরে ২৮ বাংলাদেশিকে পুশ-ইনের চেষ্টা, কড়া নজরদারি
- আপডেট সময় : ২১ বার পড়া হয়েছে
নওগাঁ ব্যাটালিয়নের অধীনস্থ চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার বাঙ্গাবাড়ি সীমান্তে ভারত থেকে ২৮ জন বাংলাদেশিকে পুশ-ইনের (জোরপূর্বক ঠেলে দেওয়ার) চেষ্টা করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। তবে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সতর্ক অবস্থানের কারণে তারা সফল হতে পারেনি। বর্তমানে ওই ব্যক্তিরা দুই দেশের শূন্য রেখায় (নো-ম্যানস ল্যান্ড) অবস্থান করছেন।
সীমান্ত সূত্র জানায়, আজ ০৪ জুন ২০২৬ তারিখ আনুমানিক ভোর ০৩:০০ ঘটিকায় বাঙ্গাবাড়ি বিওপির দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত পিলার ২০৩/৬-আর দিয়ে ভারতের ১২ বিএসএফ ব্যাটালিয়নের আশরাফপুর ক্যাম্পের জোয়ানরা ২৮ জন ব্যক্তিকে বাংলাদেশের অভ্যন্তরে পুশ-ইন করার চেষ্টা করে। ভুক্তভোগীদের মধ্যে ১২ জন পুরুষ, ১০ জন নারী এবং ০৬ জন শিশু রয়েছে।
পুশ-ইনের সংবাদ পাওয়ার পরপরই বাঙ্গাবাড়ি বিওপির একটি চৌকস টহল দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। বিজিবি সদস্যরা ওই ব্যক্তিদের ভারতীয় সীমান্তের শূন্য লাইনের অভ্যন্তরে অবস্থানরত অবস্থায় শনাক্ত করে এবং তাদের বাংলাদেশে প্রবেশে বাধা দেয়।
সর্বশেষ খবর অনুযায়ী, পরিস্থিতি থমথমে রয়েছে। ভারতীয় বিএসএফ সীমান্ত এলাকায় তাদের জনবল বৃদ্ধি করেছে এবং বিভিন্ন পোস্টে অবস্থান নিয়েছে। বিএসএফের পক্ষ থেকে যেকোনো সময় ওই ২৮ জন ব্যক্তিকে পুনরায় পুশব্যাক (জোরপূর্বক বাংলাদেশে পুশ) করার চেষ্টা করা হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
পরিস্থিতি নিয়ন্ত্রণে ও যেকোনো ধরনের অনুপ্রবেশ ঠেকাতে বিজিবির পক্ষ থেকে সীমান্ত এলাকায় টহল ও নজরদারি ব্যাপক হারে জোরদার করা হয়েছে। বিজিবি অত্যন্ত সতর্ক অবস্থানে থেকে সীমান্ত পরিস্থিতি পর্যবেক্ষণ করছে।
















