ইসলামপুরে জামায়াত নেতাকর্মী বিএনপিতে যোগদান
- আপডেট সময় : ৮৭ বার পড়া হয়েছে
জামালপুরের ইসলামপুরে জামায়াতে ইসলামীর অর্ধশতাধিক নেতা-কর্মী আনুষ্ঠানিকভাবে বিএনপিতে যোগ দিয়েছেন।আজ শনিবার উপজেলার কুলকান্দি খানবাড়ীস্থ দলীয় কার্যালয়ে আয়োজিত এক যোগদান অনুষ্ঠানে ইসলামপুর-২ আসনে বিএনপির মনোনীত প্রার্থী শরিফুল ইসলাম খান ফরহাদের হাতে ফুল তুলে দিয়ে তারা বিএনপিতে যোগদান করেন। এ সময় নবাগতদের ফুলের মালা পরিয়ে বরণ করা হয়।
যোগদানকারীদের মধ্যে ছিলেন জিগাতলা ওয়ার্ড জামায়াতের সভাপতি এরশাদ খন্দকার, সাধারণ সম্পাদক নাছিম উদ্দিন, সহ-সভাপতি সোনাহার খন্দকারসহ জামায়াতের প্রায় অর্ধশতাধিক নেতা–কর্মী।
অনুষ্ঠানে বিএনপির প্রার্থী ফরহাদ খান বলেন, বিএনপির কার্যক্রমে আস্থা রেখে এবং গণতন্ত্র ও স্বাধীনতার পক্ষে থাকার প্রত্যয়ে যে ভাইয়েরা আজ জামায়াতে ইসলামীর পক্ষ থেকে বিএনপিতে যোগ দিয়েছেন, তাদের ধন্যবাদ জানাই। আপনাদের এই সিদ্ধান্ত সঠিক সময়ে সঠিক পদক্ষেপ হিসেবে ইতিহাসে স্থান পাবে।
তিনি আরও বলেন, আজ আমাদের মন ভালো নেই, কারণ আমাদের প্রিয় দেশনেত্রী বেগম খালেদা জিয়া গুরুতর অসুস্থ। আল্লাহর রহমতে তিনি বারবার মৃত্যুর দুয়ার থেকে ফিরে এসেছেন। তাঁর সুস্থতার জন্য আপনারা সবাই দোয়া করবেন।
যোগদানকারীদের পক্ষ থেকে এরশাদ খন্দকার বলেন, আমরা দীর্ঘদিন জামায়াতের রাজনীতি করেছি। এখন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খানের ছোট ভাই ফরহাদ খানের নেতৃত্বে ভবিষ্যতে বিএনপির রাজনীতি করতে চাই।
অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও সাবেক জিএস শফিউল্লাহ বুলবুল, পৌর বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আবু জাহিদ লিটন, কুলকান্দি ইউনিয়ন যুবদলের আহ্বায়ক মাহমুদ হাসান ফিরুজ, উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক পনির আহম্মেদ, বেলগাছ ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি নুরে আলম, সাবেক জেলা বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক জাকারিয়া মন্ডল, মিল্টন এবং শামিম প্রমুখ।













