‘খাল পুনঃখনন কৃষিতে নতুন বিপ্লব ঘটাবে’
- আপডেট সময় : ৩১৬ বার পড়া হয়েছে
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের অগ্রাধিকার কর্মসূচির আওতায় দেশব্যাপী ২০ হাজার কিলোমিটার খাল খনন কার্যক্রমের অংশ হিসেবে কক্সবাজারের রামু উপজেলার উখিয়ারঘোনা খাল পুনঃখনন কাজের উদ্বোধন করা হয়েছে। সোমবার উখিয়ার ঘোনায় আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কোদাল দিয়ে মাটি কেটে আনুষ্ঠানিকভাবে খনন কাজের উদ্বোধন করেন কক্সবাজার-৩ আসনের সংসদ সদস্য লুৎফুর রহমান কাজল।
বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন (বিএডিসি) আয়োজিত এই অনুষ্ঠানে বক্তারা কৃষি ও পরিবেশের ভারসাম্য রক্ষায় খালের গুরুত্ব তুলে ধরেন।
প্রধান অতিথির বক্তব্যে এমপি লুৎফুর রহমান কাজল বলেন, মাননীয় প্রধানমন্ত্রীর এই যুগান্তকারী উদ্যোগ দেশের কৃষিখাতে নতুন বিপ্লব ঘটাবে। উখিয়ারঘোনা খালটি পুনঃখননের ফলে এ অঞ্চলের হাজার হাজার একর আবাদি জমি সেচ সুবিধার আওতায় আসবে এবং বর্ষা মৌসুমে জলাবদ্ধতা থেকে মুক্তি পাবে সাধারণ মানুষ। তিনি নির্ধারিত সময়ের মধ্যে কাজের গুণগত মান বজায় রেখে প্রকল্প বাস্তবায়নের জন্য সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশ দেন।
কক্সবাজারের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মো. আব্দুল মান্নানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কক্সবাজারের পুলিশ সুপার এ এন সাজেদুর রহমান। অনুষ্ঠানে কারিগরি ও প্রশাসনিক দিক তুলে ধরে বক্তব্য রাখেন বিএডিসি ঢাকা কার্যালয়ের উপপ্রধান প্রকৌশলী মোহাম্মদ সরওয়ার মওলা এবং কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কক্সবাজারের উপপরিচালক ড. বিমল কুমার প্রামাণিক।
বক্তারা বলেন, বিএডিসি পরিচালিত এই খাল খনন কর্মসূচি বাস্তবায়িত হলে ভূ-উপরিস্থ পানির সর্বোত্তম ব্যবহার নিশ্চিত হবে এবং কৃষি উৎপাদনে ব্যয় অনেকাংশে কমে আসবে।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন রামু উপজেলা নির্বাহী কর্মকর্তা, রামু থানা অফিসার ইনচার্জ, রামু উপজেলা বিএনপির সদস্য সচিব আবুল বাশর বাবু, রামু উপজেলা প্রেসক্লাবের সভাপতি কাজী আবদুল্লাহ আল মামুন, কাউয়ারখোপ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শামসুল আলম, রামু উপজেলা তাঁতীদলের সাবেক সভাপতি মনজুর আলম, উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক নুরুল আমিন, কাউয়ারখোপ ইউনিয়ন বিএনপির আহ্বায়ক এনামুল হক, সদস্য সচিব সাইমন ইসলাম শাহীনসহ বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
স্থানীয় কৃষক ও এলাকাবাসী দীর্ঘদিনের দাবিকৃত উখিয়ারঘোনা খাল পুনঃখনন কাজ শুরু হওয়ায় সরকারের এই উন্নয়নমূলক উদ্যোগকে স্বাগত জানিয়েছেন।


















