গফরগাঁওয়ে ট্রাক অটোরিক্সা সংঘর্ষে নিহত ২
- আপডেট সময় : ২০৭ বার পড়া হয়েছে
ময়মনসিংহের গফরগাঁওয়ে ট্রাক অটোরিক্সা সংঘর্ষে অটোরিক্সা চালকসহ এক যাত্রী নিহত হয়েছে। এ ঘটনায় গুরুতর ২ জন আহত যাত্রী হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। স্থানীয় জনতা ট্রাক ড্রাইভারকে আটক করে পুলিশে সোপর্দ করে। আজ
সোমবার দুপুরে উপজেলার পাগলা থানাধীন পাঁচবাগ ইউনিয়নের চৌকা বাজারে এ ঘটনা ঘটে।
নিহত দুজন হলেন, পাঁচবাগ ইউনিয়নের দিঘীরপাড় গ্রামের আবু বকরের ছেলে অটোরিক্সা চালক ওয়াসিম(২৮) ও টাঙ্গাব ইউনিয়নের বটতলা বাজারের মুদি ব্যবসায়ী মো. ইকবাল হোসেন (৫৫)। গুরুতর আহতরা হলেন, দুগাছিয়া গ্রামের আব্দুল মান্নানের ছেলে নাজমুল (৩০) ও দিঘীরপাড় গ্রামের আবু সাইদের ছেলে জিহাদ (২৪)।
স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার দুপুর ১২টার দিকে টাঙ্গাব বটতলা বাজার থেকে যাত্রী নিয়ে পাঁচবাগ চৌকা বাজারে আসার পর বিপরীত দিক থেকে আসা এক ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ইকবাল হোসেন নামে এক ব্যবসায়ী ঘটনাস্থলে নিহত হন এবং অটোরিকশা চালকসহ কয়েকজন আহত হয়। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে পাশের হোসেনপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে অটোরিকশা চালক ওয়াসিম মারা যান। একই ঘটনায় আহত অপর দুইজনকে কিশোরগঞ্জ সদর হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। খবর পেয়ে পাগলা থানা পুলিশ ঘটনাস্থলে এসে স্থানীয়দের সহযোগিতায় ঘাতক ট্রাক চালককে আটক করে থানায় নিয়ে যায়।
পাগলা থানার অফিসার ইনচার্জ ফেরদৌস আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ঘাতক ট্রাক চালককে আটক করা হয়েছে। এ ব্যাপারে যথাযথ আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।


















