গোলাপগঞ্জ পৌরসভায় জলাবদ্ধতা নিরসনে ড্রেন পরিষ্কার অভিযান
- আপডেট সময় : ৩০ বার পড়া হয়েছে
সিলেট জেলার গোলাপগঞ্জ পৌরসভা-এর সার্বিক উন্নয়ন ও নাগরিক সেবা নিশ্চিত করতে প্রশাসক মো. রফিকুল ইসলাম নানা কার্যক্রম হাতে নিয়েছেন। বিশেষ করে আগাম বর্ষা মৌসুমকে সামনে রেখে ড্রেনেজ ব্যবস্থার উন্নয়নে গুরুত্বারোপ করায় ইতোমধ্যে দৃশ্যমান অগ্রগতি দেখা যাচ্ছে।
প্রতিবছর বর্ষা এলেই জলাবদ্ধতায় ভোগান্তিতে পড়েন পৌরবাসী। এ সমস্যা থেকে স্থায়ী পরিত্রাণ দিতে প্রশাসক ড্রেন পরিষ্কার, সংস্কার ও সম্প্রসারণ কার্যক্রম জোরদার করেছেন। পৌরসভার বিভিন্ন ওয়ার্ডে ইতোমধ্যে ময়লা-আবর্জনা অপসারণ, বন্ধ নালা সচল করা এবং নতুন ড্রেন নির্মাণ কাজ শুরু হয়েছে।
এরই ধারাবাহিকতায় গতকাল রোববার ৯নং ওয়ার্ডের রণকেলী দক্ষিণভাগ এলাকায় জসিম ভেরাইটিজ স্টোর থেকে রণকেলী ০১নং সরকারি প্রাথমিক বিদ্যালয় পর্যন্ত পুরাতন ড্রেন পরিষ্কার করা হয়। পাশাপাশি রণকেলী দিঘীরপাড়ে তারেক আহমদের বাড়ির সামনের ড্রেনের অবশিষ্ট অংশ থেকেও ময়লা অপসারণ করা হয়েছে। নাগরিক সচেতনতা বাড়াতেও উদ্যোগ নিয়েছে পৌর কর্তৃপক্ষ। নির্দিষ্ট স্থানে ময়লা ফেলার আহ্বান জানানো হয়েছে, যাতে ড্রেনেজ ব্যবস্থা সচল রাখা সম্ভব হয়।
প্রশাসক মো. রফিকুল ইসলাম বলেন, পৌরবাসীর স্বস্তির জন্য আমরা আগাম প্রস্তুতি নিচ্ছি। বর্ষায় কোথাও যেন পানি জমে না থাকে, সে লক্ষ্যে সব ধরনের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।
স্থানীয় বাসিন্দারা প্রশাসনের এ উদ্যোগকে স্বাগত জানিয়ে দ্রুত ও স্থায়ী সমাধানের প্রত্যাশা করেছেন। সংশ্লিষ্টরা মনে করছেন, পরিকল্পিত কার্যক্রম ও নিয়মিত তদারকি অব্যাহত থাকলে গোলাপগঞ্জ পৌরসভা একটি পরিচ্ছন্ন, বাসযোগ্য ও আধুনিক নগরীতে পরিণত হবে।

















