জয়পুরহাটে ফুটপাত দখলমুক্ত করতে অভিযান
- আপডেট সময় : ৫৬ বার পড়া হয়েছে
জয়পুরহাটে ফুটপাত অবৈধ দখলমুক্ত করতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান। জেলার পৌর শহরের ফুটপাত দখল মুক্ত করতে অভিযান পরিচালনা করেছেন প্রশাসন। এ অভিযান পরিচালনাকালে আইন অম্যান্যকারীদের ৩ হাজার টাকা জরিমানা আদায় করেন ভ্রাম্যমাণ আদালত।
গতকাল বুধবার বিকেলে শহরের মাছুয়া বাজার থেকে পাচুর মোড় পর্যন্ত রাস্তার দু’পাশে জনসাধারণের যাতায়াতের সুবিধার্থে এবং যানবাহন চলাচল স্বাভাবিক রাখতে ফুটপাত ও সড়কের অংশ দখলমুক্ত করতে এ অভিযান পরিচালনা করা হয়। জেলার সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রাজীব কুমার বিশ্বাস এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, শহরের প্রধান সড়কের দুই ধারের ফুটপাত অবৈধ ভাবে দখল করে দোকানের মালামাল রেখে ব্যবসা করছেন কিছু অসাধু ব্যবসায়ী। এতে চলাচলে দুর্ভোগ পোহাতে হচ্ছিল সাধারণ পথচারীদের। দোকানের ভেতরে পর্যাপ্ত জায়গা থাকার পরেও ওই সব অসাধু ব্যবসায়ীরা ফুটপাত দখল করে নেয়। ফুটপাতে অবৈধভাবে রাখা মালামাল ও স্থাপনা সরিয়ে নেওয়ার কথা বলার পরও এক ব্যবসায়ী রাস্তা দখল করে দোকান করায় ৩ হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযানকালে সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রাজীব কুমার বিশ্বাস বলেন, জন সাধারণে চলাচল ও সড়কের দু’পাশে নির্বিঘ্নে যাতে যানবাহন চলাচল করতে পারে সে লক্ষ্যেই আমরা কাজ করছি। জনস্বার্থে আমাদের এমন অভিযান অব্যাহত থাকবে।
এসময় উপস্থিত ছিলেন জয়পুরহাট সদর ট্রাফিক বিভাগের শহর ও যান পুলিশ পরিদর্শক মোমেন আলী, সারজেন্ট বিপুল এবং এস আই মেহেদী ।



















