টেকনাফে অপহৃত কিশোর উদ্ধার, গ্রেপ্তার ৪
- আপডেট সময় : ৬২ বার পড়া হয়েছে
টেকনাফে সাঁড়াশি অভিযানে অপহৃত এক কিশোরকে উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় অপহরণ ও মানবপাচার চক্রের সক্রিয় চার সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে।কক্সবাজার জেলার পুলিশ সুপার এ.এন.এম সাজেদুর রহমান-এর নির্দেশনায়, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মোহাম্মদ সামীম কবিরের তত্ত্বাবধানে এবং টেকনাফ মডেল থানার অফিসার ইনচার্জ সাইফুল ইসলামের সার্বিক তদারকিতে গত ১৩ ফেব্রুয়ারি ২০২৬ রাত আনুমানিক সাড়ে ১০টার দিকে এ অভিযান পরিচালিত হয়।এসআই (নিঃ) মো. মোরশেদ আলমের নেতৃত্বে গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত অভিযানে টেকনাফ সদর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের দরগাহছড়াস্থ নুরুল ইসলামের বসতবাড়ি থেকে অপহৃত কিশোর জুবায়ের (১৭) কে উদ্ধার করা হয়।
এ সময় অপহরণের সঙ্গে জড়িত নুরুল ইসলাম (৫০),আব্দুল্লাহ (২৫),ছিদ্দিক আহমদ (৫৪)
এবং হামিদ উল্লাহ (১৯) নামে এক রোহিঙ্গা যুবককে গ্রেপ্তার করা হয়।পুলিশ জানায়, গ্রেপ্তারকৃতরা একটি সংঘবদ্ধ অপহরণ ও মানবপাচার চক্রের সক্রিয় সদস্য। তারা দীর্ঘদিন ধরে টেকনাফসহ কক্সবাজার জেলার বিভিন্ন এলাকা থেকে লোকজন সংগ্রহ করে মুক্তিপণ আদায়ের পর অবৈধভাবে সমুদ্রপথে বিদেশে পাচার করত।উদ্ধারকৃত কিশোর জুবায়েরকে প্রায় দুই মাস আগে মালয়েশিয়া পাচারের উদ্দেশ্যে সমুদ্রপথে নিয়ে গিয়ে মিয়ানমারের জঙ্গলে প্রায় ৫০ দিন আটক রাখা হয়। বয়স কম হওয়ায় পরে তাকে আবার বাংলাদেশে এনে নুরুল ইসলামের বাড়িতে আটক রেখে পরিবারের কাছে মুক্তিপণ দাবি করা হয়।
পরিবারের কাছ থেকে বিকাশের মাধ্যমে ৪০ হাজার টাকা আদায় করলেও অপহরণকারীরা কিশোরকে মুক্ত না করে পুনরায় আরও টাকা দাবি করে। পরে ভিকটিমের পরিবার টেকনাফ মডেল থানায় লিখিত অভিযোগ দায়ের করলে পুলিশ অভিযান চালিয়ে তাকে উদ্ধার করে।
অভিযানকালে অপহরণের কাজে ব্যবহৃত একটি টমটম (ইজি বাইক) জব্দ করা হয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
পুলিশ আরও জানায়, গ্রেপ্তারকৃত আসামি আব্দুল্লাহর বিরুদ্ধে টেকনাফ থানায় মানবপাচার প্রতিরোধ ও দমন আইন, ২০১২ এর একাধিক ধারায় দায়ের করা একটি মামলা বর্তমানে আদালতে বিচারাধীন রয়েছে।



















