নোয়াখালী সুপার কাপ বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ
- আপডেট সময় : ২৪ বার পড়া হয়েছে
নোয়াখালী সুপার কাপ-২০২৬ এর সিনিয়র ও জুনিয়র গ্রুপের ফাইনাল খেলা শেষে বিজয়ী দলগুলোর মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে।
গত মঙ্গলবার (২ জুন) বিকেলে নোয়াখালীর শহীদ ভুলু স্টেডিয়ামে জুনিয়র ও সিনিয়র গ্রুপের ফাইনাল খেলা শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন নোয়াখালী-৪ আসনের সাংসদ মো. শাহজাহান এমপি। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্রশাসক হারুনুর রশিদ আজাদ, নোয়াখালী জেলা ক্রিড়া সংস্থার সদস্য সচিব ও নোয়াখালী সুপার কাপ টুর্ণামেন্ট কমিটির আহবায়ক জাহাঙ্গীর আলম, নোয়াখালী সুপার কাপ টুর্ণামেন্টের পৃষ্ঠপোষক তাউজ মো: বেনিয়ামিন চৌধূরী, ক্রিড়া সংগঠক নুরুল আমিন খান এবং ইকবাল বাহার আজাদ। অনুষ্ঠান সঞ্চালনা করেন জেলা ক্রিড়া অফিসার মাঈন উদ্দিন মিলকি।
নোয়াখালী জেলা ক্রীড়া সংস্থার ব্যবস্থাপনায় এবং নোয়াখালী জেলা ফুটবল অ্যাসোসিয়েশন ও জেলা ফুটবল প্লেয়ার্স কল্যাণ সমিতি-এর সহযোগিতায় আয়োজিত এ টুর্নামেন্টে সিনিয়র ও জুনিয়র বিভাগে মোট ১২টি দল অংশ নেয়।
ফাইনালে জুনিয়র গ্রুপে নোয়াখালী এফসি জুনিয়র ১-০ গোলে গোল্ডেন জেনারেশন-কে হারিয়ে চ্যাম্পিয়ন হয়। অন্যদিকে সিনিয়র গ্রুপে ফাস্ট এটাক সিনিয়র টাইব্রেকারে ৯-৮ গোলে নোয়াখালী ডায়নামিক-কে পরাজিত করে শিরোপা জিতে নেয়।
অনুষ্ঠানে বক্তারা বলেন, তরুণ সমাজকে মাদক ও কিশোর গ্যাংয়ের মতো সামাজিক সমস্যা থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই। নিয়মিত ক্রীড়া চর্চা যুবসমাজকে শারীরিক ও মানসিকভাবে সুস্থ রাখার পাশাপাশি শৃঙ্খলা ও দলগত চেতনা গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তাই এ ধরনের ক্রীড়া আয়োজন আরও বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেন তারা।

















