বিয়ের দাওয়াতের তুচ্ছ দ্বন্দ্বে ঝরল প্রবাসীর প্রাণ
- আপডেট সময় : ৮৪ বার পড়া হয়েছে
সুনামগঞ্জের দিরাই উপজেলায় বিয়ের দাওয়াত দেওয়া-নেওয়াকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে আঞ্জুর মিয়া (৪৫) নামের এক প্রবাসী নিহত হয়েছেন। গতকাল শনিবার বেলা পৌনে ১টার দিকে উপজেলার তাড়ল ইউনিয়নের ধল পূর্ব আশ্রম গ্রামে এই মর্মান্তিক ঘটনা ঘটে।
নিহত আঞ্জুর মিয়া ওই গ্রামের মৃত সাদুল্লাহর ছেলে। তিনি সম্প্রতি প্রবাস থেকে দেশে ফিরেছিলেন বলে জানা গেছে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার আঞ্জুর মিয়ার নিকটাত্মীয় আনহার মিয়ার পরিবারের একটি বিয়ের দাওয়াত দেওয়া নিয়ে উভয়পক্ষের মধ্যে কথা কাটাকাটি ও উত্তেজনার সৃষ্টি হয়। এর জের ধরে শনিবার দুপুরে আনহার মিয়ার লোকজন পাশের কনের বাড়ি থেকে বিয়ের মালামাল আনতে গেলে আঞ্জুর মিয়ার সাথে তাদের পুনরায় সংঘর্ষ বাঁধে। একপর্যায়ে প্রতিপক্ষের দেশীয় অস্ত্রের আঘাতে আঞ্জুর মিয়া গুরুতর আহত হন।
আহত অবস্থায় স্বজনরা আঞ্জুর মিয়াকে দ্রুত দিরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. মনি রানী তালুকদার জানান,হাসপাতালে পৌঁছানোর আগেই ওই ব্যক্তির মৃত্যু হয়েছে। তার মাথায় গুরুতর আঘাতের চিহ্ন পাওয়া গেছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে তাড়ল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলী আহমদ বলেন, অত্যন্ত তুচ্ছ একটি বিষয় নিয়ে এই অনাকাঙ্ক্ষিত সংঘর্ষ ও নিহতের ঘটনা ঘটেছে।
দিরাই থানার অফিসার ইনচার্জ (ওসি) এনামুল হক চৌধুরী জানান, খবর পাওয়ার পরপরই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানোর প্রস্তুতি চলছে এবং এই হত্যাকাণ্ডের সাথে জড়িতদের দ্রুত আইনের আওতায় আনা হবে।


















