মাগুরা স্পোর্টস একাডেমির উদ্বোধন, ক্রীড়াঙ্গনে নতুন সম্ভাবনা
- আপডেট সময় : ১১ বার পড়া হয়েছে
মাগুরার ক্রীড়াঙ্গনে নতুন সম্ভাবনার দুয়ার খুলে আনুষ্ঠানিক যাত্রা শুরু করেছে “মাগুরা স্পোর্টস একাডেমি”। গত শনিবার (১১ এপ্রিল) বিকেলে মাগুরা জেলা স্টেডিয়াম-এ আয়োজিত এক বর্ণাঢ্য অনুষ্ঠানের মধ্য দিয়ে ক্রিকেট, ফুটবল ও বাস্কেটবল একাডেমিক কার্যক্রমের উদ্বোধন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মনোয়ার হোসেন খান। উদ্বোধন করেন আলী আহম্মেদ।
মাগুরা স্পোর্টস একাডেমির সভাপতি মো. ফারুকুজ্জামানের সভাপতিত্বে আয়োজিত এ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাগুরা চেম্বার অব কমার্সের সভাপতি আখতার হোসেন, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক খান হাসান ইমাম সুজা, আমিনুর রহমান খান পিকুল, সদস্য কুতুবউদ্দিন, জেলা কৃষক দলের সভাপতি রুবাইয়াত হোসেন খান এবং স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আব্দুর রহিমসহ স্থানীয় রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দ।
অনুষ্ঠানে বক্তারা মাগুরার ক্রীড়াঙ্গনের বিদ্যমান সংকট, অবকাঠামোগত সীমাবদ্ধতা এবং সম্ভাবনা নিয়ে বিস্তারিত আলোচনা করেন।
প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য মনোয়ার হোসেন খান বলেন,
তরুণ প্রজন্মকে মাদক ও অপসংস্কৃতি থেকে দূরে রাখতে খেলাধুলার কোনো বিকল্প নেই। মাগুরায় ক্রীড়ার পরিবেশ উন্নয়নে সরকার প্রয়োজনীয় সহযোগিতা প্রদান করবে। জেলা পর্যায়ে মানসম্মত প্রশিক্ষণ কার্যক্রম চালুর মাধ্যমে নতুন প্রতিভা তৈরি হবে বলে আমি আশাবাদী।
উদ্বোধক আলী আহম্মেদ বলেন, একটি সংগঠিত ও পরিকল্পিত ক্রীড়া একাডেমি জেলার ক্রীড়াঙ্গনে ইতিবাচক পরিবর্তন আনতে সক্ষম। অবকাঠামোগত উন্নয়ন ও মাঠসংক্রান্ত সমস্যার সমাধানে জেলা পরিষদ সব ধরনের সহযোগিতা করবে।
সভাপতির বক্তব্যে মো. ফারুকুজ্জামান বলেন,
মাগুরার তরুণদের জন্য একটি আধুনিক, শৃঙ্খলাবদ্ধ ও মানসম্মত ক্রীড়া প্ল্যাটফর্ম গড়ে তোলাই আমাদের লক্ষ্য। পর্যায়ক্রমে বিভিন্ন খেলার প্রশিক্ষণ চালুর মাধ্যমে আমরা একটি পূর্ণাঙ্গ স্পোর্টস একাডেমি হিসেবে প্রতিষ্ঠিত হতে চাই।
এ সময় একাডেমির নির্বাহী পরিচালক কাজী আশিক রহমান জানান, প্রাথমিকভাবে ক্রিকেট, ফুটবল ও বাস্কেটবল দিয়ে কার্যক্রম শুরু হলেও পর্যায়ক্রমে ভলিবল, ব্যাডমিন্টন, লন টেনিস, টেবিল টেনিস ও কাবাডিসহ অন্যান্য খেলার প্রশিক্ষণ চালু করা হবে। পাশাপাশি ইনডোর স্টেডিয়ামে বহুমুখী খেলার সুযোগ সৃষ্টি এবং প্রতিটি উপজেলায় পৃথক ফুটবল ও ক্রিকেট মাঠ নির্মাণের দাবি জানানো হয়।
উদ্বোধন উপলক্ষে সকালে জাতীয় ও আন্তর্জাতিক ক্রীড়া দিবস উদযাপন করা হয়। এ উপলক্ষে আয়োজিত এক প্রীতি ক্রিকেট ম্যাচে যশোর ক্রিকেট কোচিং সেন্টারকে ২২ রানে পরাজিত করে মাগুরা স্পোর্টস একাডেমি। খেলা শেষে প্রধান অতিথি বিজয়ী দলের খেলোয়াড়দের মধ্যে পুরস্কার বিতরণ করেন এবং ম্যান অব দ্য ম্যাচের হাতে সম্মাননা তুলে দেন।













