মোরেলগঞ্জে মাছের ঘেরে হামলা, লুটের অভিযোগ
- আপডেট সময় : ২৩ বার পড়া হয়েছে
বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলায় একটি মৎস্য ঘেরে হামলা চালিয়ে নারিকেল ও মাছ লুটপাটের অভিযোগ উঠেছে। এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ দিয়েছেন ভুক্তভোগী মোঃ হুমায়ুন কবির।
অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার ৫৮নং কিসমত বৌলপুর মৌজায় বিবাদীদের বসতবাড়ির নিকটবর্তী ০.৫৫ একর জমিতে দীর্ঘ প্রায় ২৫ বছর ধরে মৎস্য ঘের পরিচালনা করে আসছেন হুমায়ুন কবির। ঘেরের চারপাশে তিনি নারিকেলসহ বিভিন্ন গাছ রোপণ করেন এবং শান্তিপূর্ণভাবে ভোগদখলে ছিলেন বলে অভিযোগে উল্লেখ করা হয়।
ভুক্তভোগীর দাবি, উক্ত জমি নিয়ে পূর্ব থেকে বিরোধ চলছিল। এ বিষয়ে তিনি অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আদালতে ১৪৪ ধারায় একটি মামলা (মিস ৬৯২/২৫, মোরেলগঞ্জ) দায়ের করেন, যা বর্তমানে বিচারাধীন রয়েছে। তবে আদালতের বিষয়টি উপেক্ষা করে বিবাদীরা জমি দখলের উদ্দেশ্যে বিভিন্ন সময় ভয়ভীতি ও হুমকি দিয়ে আসছিল বলে অভিযোগ করা হয়েছে।
অভিযোগে উল্লেখ করা হয়, গত ২৯ জানুয়ারি ২০২৬ তারিখ দুপুর আনুমানিক ১টা ৩০ মিনিটের দিকে সাখাওয়াত সিকদার, বিলকিস বেগম, নিখিল ঢালী, লোকমান মুন্সী, রিপন আরিন্দা, সমর আরিন্দাসহ অজ্ঞাতনামা আরও কয়েকজন দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে সংঘবদ্ধভাবে মৎস্য ঘেরে প্রবেশ করে। তারা ঘের থেকে আনুমানিক ৪৫০টি নারিকেল (মূল্য প্রায় ৩৫ হাজার টাকা), ১ মন ১২ কেজি গলদা চিংড়ি (মূল্য প্রায় ৬০ হাজার টাকা) এবং প্রায় ৩ মন বিভিন্ন প্রজাতির সাদা মাছ (মূল্য প্রায় ২৪ হাজার টাকা) লুট করে নিয়ে যায় বলে অভিযোগ করা হয়েছে।
ঘটনার সময় স্থানীয় স্বাক্ষীরা বিষয়টি দেখে বাদীকে ফোনে জানালে তিনি ঘটনাস্থলে উপস্থিত হন। এসময় বিবাদীদের বাধা দিতে গেলে তারা গালিগালাজ করে এবং প্রাণনাশের হুমকি দেয় বলেও অভিযোগে উল্লেখ রয়েছে।
ভুক্তভোগী আশঙ্কা প্রকাশ করে বলেন, বিবাদীরা দাঙ্গাবাজ প্রকৃতির হওয়ায় যে কোনো সময় বড় ধরনের সহিংস ঘটনার আশঙ্কা রয়েছে। এ বিষয়ে তিনি মোরেলগঞ্জ থানায় অভিযোগ দায়ের করে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন। তবে এ বিষয়ে অভিযুক্তদের বক্তব্য পাওয়া যায়নি।
মোরেলগঞ্জ থানার পক্ষ থেকে জানানো হয়েছে, লিখিত অভিযোগের ভিত্তিতে বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।










