শরীয়তপুরে বিএনপির ক্লাবে ককটেল বোমা হামলা
- আপডেট সময় : ৫৮ বার পড়া হয়েছে
শরীয়তপুরের নড়িয়া উপজেলার চাকধ বাজারে গতকাল রোববার বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এর দলীয় ক্লাবকে লক্ষ্য করে হাতবোমা হামলার ঘটনা ঘটেছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, মোটরসাইকেলে করে আসা দুইজন দুর্বৃত্ত ক্লাবের সামনে এসে পরপর কয়েকটি হাতবোমা নিক্ষেপ করে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। বিকট বিস্ফোরণের শব্দে আশপাশের এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং স্থানীয় লোকজন নিরাপদ আশ্রয়ের খোঁজে ছুটোছুটি শুরু করে। তবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
খবর পেয়ে নড়িয়া থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে বিস্ফোরণের আলামত সংগ্রহ করে। এ সময় একটি অবিস্ফোরিত হাতবোমা উদ্ধার করে পরবর্তীতে নিষ্ক্রিয় করার ব্যবস্থা নেয় নড়িয়া থানা পুলিশ।
ভূমখাড়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক সাইফুল পেদা এ ঘটনাকে পরিকল্পিত ও ন্যাক্কারজনক হামলা উল্লেখ করে বলেন, রাজনৈতিক অস্থিরতা সৃষ্টির উদ্দেশ্যেই এ ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ড চালানো হয়েছে। হামলায় জড়িতদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানান তিনি।
নড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বাহার মিয়া জানান, ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। উদ্ধার করা অবিস্ফোরিত হাতবোমা পরীক্ষা করা হচ্ছে এবং হামলায় জড়িতদের শনাক্তে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।



















