শেরপুরে প্রাইভেট কারের ধাক্কায় গৃহবধূ আহত
- আপডেট সময় : ৬৮ বার পড়া হয়েছে
বগুড়ার শেরপুর উপজেলার শাহ বন্দেগি ইউনিয়নের খন্দকারটোলা মুন্সিপাড়া এলাকায় মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় খাদিজা খাতুন (৩৯) নামে এক গৃহবধূ গুরুতর আহত হয়েছেন। তিনি ওই এলাকার বাসিন্দা আমিনুল ইসলামের স্ত্রী।
গতকাল শনিবার রাত আনুমানিক ৮টার দিকে ঢাকা–বগুড়া মহাসড়কের হামছাপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, কালো বোরখা পরিহিত খাদিজা খাতুন রাস্তা পার হওয়ার সময় দ্রুতগতির একটি প্রাইভেট কার হঠাৎ এসে তাকে সজোরে ধাক্কা দেয়। প্রচণ্ড আঘাতে তিনি প্রায় ৩০ হাত দূরে ছিটকে রাস্তার ওপর পড়ে যান। পরে গাড়িটি না থেমে তার রক্তাক্ত দেহের ওপর দিয়ে পেছনের চাকা চালিয়ে ঘটনাস্থল ত্যাগ করে।
স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে দ্রুত শেরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে তার শারীরিক অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য তাকে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল-এ স্থানান্তর করেন।
এ ব্যাপারে শেরপুর হাইওয়ে ইন্সপেকটর (ওসি) রইচ উদ্দিন জানান, মহিলাটিকে দ্রুত শহিদ জিয়াউর রহমান মেডিকেলে পাঠােনো হয়েছে । প্রাইভেট কারটিকে আটক করা যায়নি।
এ আকস্মিক দুর্ঘটনায় পরিবারজুড়ে নেমে এসেছে শোকের ছায়া। ঘটনায় জড়িত ঘাতক গাড়িটিকে শনাক্তে আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতা চলছে বলে স্থানীয় সূত্রে জানা গেছে।


















