আলফাডাঙ্গায় প্রবাসীর বাড়িতে ডাকাতি, নগদ টাকা-স্বর্ণালংকার লুট
- আপডেট সময় : ১৫ বার পড়া হয়েছে
ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার ধলাইচর গ্রামে এক প্রবাসীর বাড়িতে গভীর রাতে ডাকাতির ঘটনা ঘটেছে। এ সময় পরিবারের সদস্যদের জিম্মি করে নগদ প্রায় ৩ লাখ টাকা ও স্বর্ণালংকার লুট করে নিয়ে যায় ডাকাতরা।
ভুক্তভোগী পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার দিবাগত রাত ২টার দিকে ৮ থেকে ১০ জনের একটি সংঘবদ্ধ ডাকাত দল বাড়ির প্রধান ফটকের তালা কেটে ভেতরে প্রবেশ করে। পরে তারা ঘরের দরজা ভেঙে পরিবারের সদস্যদের অস্ত্রের মুখে জিম্মি করে নগদ টাকা ও স্বর্ণালংকার লুট করে দ্রুত পালিয়ে যায়।
প্রবাসী চুন্নু খানের ছেলে আকাশ খান বলেন, “রাতের খাবার খেয়ে আমরা ঘুমিয়ে ছিলাম। রাত ২টার দিকে ডাকাতরা বাড়িতে ঢুকে আমাদের ভয়ভীতি দেখিয়ে নগদ টাকা ও স্বর্ণালংকার নিয়ে যায়। এতে আমরা আতঙ্কিত হয়ে পড়ি।”
ডাকাতরা চলে যাওয়ার পর পরিবারের সদস্যদের চিৎকারে আশপাশের লোকজন ঘটনাস্থলে ছুটে আসেন। পরে বিষয়টি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে জানানো হয়।
ঘটনার পর এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। স্থানীয় বাসিন্দারা জানান, সাম্প্রতিক সময়ে চুরি ও ডাকাতির ঘটনা বেড়ে যাওয়ায় রাতের নিরাপত্তা জোরদার এবং জড়িতদের দ্রুত আইনের আওতায় আনার জন্য প্রশাসনের কার্যকর পদক্ষেপ প্রয়োজন।















