কুষ্টিয়ায় হাসপাতালে আহতের বিচ্ছিন্ন পা নিখোঁজের অভিযোগ
- আপডেট সময় : ১২ বার পড়া হয়েছে
কুষ্টিয়া জেনারেল হাসপাতালে সড়ক দুর্ঘটনায় আহত হাসেম আলী (৬০) নামে এক ব্যক্তির বিচ্ছিন্ন ডান পা খুঁজে না পাওয়ার অভিযোগ উঠেছে। পরে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হলে বিচ্ছিন্ন পায়ের অংশ ছাড়াই মরদেহ নিয়ে বাড়ি ফেরে পরিবার। ঘটনাটি নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন স্বজনরা।
বুধবার (৮ জুলাই) বিকেল সাড়ে ৪টার দিকে কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) থানার আব্দালপুরের শাহপুর নতুন মসজিদ মোড় এলাকায় একটি ইজিবাইক ও ব্যাটারিচালিত ভ্যানের মুখোমুখি সংঘর্ষে গুরুতর আহত হন ভ্যানযাত্রী হাসেম আলী। স্থানীয়রা তাঁকে উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করেন।
স্বজনদের অভিযোগ, চিকিৎসকের পরামর্শে তাঁকে অপারেশন থিয়েটারে নেওয়ার পর চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। এরপর অপারেশন থিয়েটারে অনেক খোঁজাখুঁজির পরও তাঁর বিচ্ছিন্ন ডান পা পাওয়া যায়নি। পরে পায়ের অংশ ছাড়াই মরদেহ নিয়ে বাড়ির উদ্দেশে হাসপাতাল ত্যাগ করেন পরিবারের সদস্যরা।
নিহতের স্বজনরা ঘটনার সুষ্ঠু তদন্ত এবং দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন। হাসেম আলী ইবি থানার আব্দালপুর গ্রামের বাসিন্দা ছিলেন। তিনি কৃষিকাজ করতেন।
আব্দালপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলী হায়দার স্বপন বলেন, হাসেম তাঁর প্রতিবেশী ও চাচাতো ভাই। হাসপাতালের সংশ্লিষ্টদের উদাসীনতার কারণেই এমন ঘটনা ঘটেছে বলে তিনি অভিযোগ করেন। বিষয়টি তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানান তিনি।
কুষ্টিয়া জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল কর্মকর্তা (আরএমও) ইকবাল হাসান বলেন, দুর্ঘটনায় আহত ব্যক্তির বিচ্ছিন্ন পায়ের অংশ হাসপাতালের কর্মীরা স্বজনদের কাছে বুঝিয়ে দিয়েছেন বলে তিনি শুনেছেন। এরপর কী হয়েছে, তা তাঁর জানা নেই। লিখিত অভিযোগ পেলে বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবির হোসেন মাতুব্বর বলেন, এ বিষয়ে তাঁর কাছে কোনো অভিযোগ আসেনি। নিহতের পরিবার বা হাসপাতাল কর্তৃপক্ষ লিখিত অভিযোগ দিলে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।














