ইয়াবাসহ নারী মাদক কারবারি গ্রেপ্তার
- আপডেট সময় : ১৫৪ বার পড়া হয়েছে
নোয়াখালী জেলা শহর মাইজদীতে ডাক্তার দেখানোর নামে ছদ্মবেশে ইয়াবা বিক্রির সময় পান্না আক্তার (৪০) নামে এক নারী মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। এসময় তার কাছ থেকে ১৫০ পিস ইয়াবা ও মাদক ব্যবসায় ব্যবহৃত দুটি মোবাইল ফোন জব্দ করা হয়।
গত শনিবার (৭ মার্চ) রাত ৮টার দিকে মাইজদী হাসপাতাল রোডের মেট্রো হাসপাতালের সামনে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার পান্না সোনাইমুড়ী উপজেলার আমিশাপাড়া ইউনিয়নের রসুলপুর গ্রামের মৃত আব্দুল গফুরের মেয়ে।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জানায়, হাসপাতাল রোড এলাকায় ইয়াবা কেনাবেচার গোপন সংবাদের ভিত্তিতে কর্মকর্তারা সেখানে অবস্থান নেন। পরে ক্রেতা সেজে অভিযান চালিয়ে পান্নাকে হাতেনাতে ইয়াবাসহ আটক করা হয়।
জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিচালক সুব্রত সরকার শুভ জানান, ওই নারী দীর্ঘদিন ধরে ছদ্মবেশে মাদকের কারবার চালিয়ে আসছিলেন। এ ঘটনায় সুধারাম মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।















