ইসলামপুরে বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেলেন সুলতান মাহমুদ
- আপডেট সময় : ১৩৭ বার পড়া হয়েছে
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জামালপুর-২ (নির্বাচনী এলাকা-১৩৯) আসনের ইসলামপুর উপজেলা বিএনপির সভাপতি, কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও সাবেক সফল দুই বারের এমপি এ. ই. সুলতান মাহমুদ বাবুকে দলীয় প্রার্থী হিসেবে চূড়ান্ত মনোনয়ন দিয়েছে।
দীর্ঘদিনের জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আনুষ্ঠানিকভাবে সুলতান মাহমুদ বাবুর হাতে মনোনয়নপত্র তুলে দেন। মনোনয়নপত্রে উল্লেখ করা হয়, বিএনপির নিবন্ধন নম্বর ০০৭ অনুযায়ী আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে তিনি দলটির মনোনীত প্রার্থী।
মনোনয়নপত্র সূত্রে জানা যায়, সুলতান মাহমুদ বাবুর ভোটার নম্বর ৩৯৮৬৮৬৯৮২৮। মনোনয়নপত্রে তারিখ উল্লেখ রয়েছে ১৮ ডিসেম্বর ২০২৫ এবং এতে স্বাক্ষর করেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
দলীয় সূত্র জানায়, জামালপুর-২ আসনকে সামনে রেখে ইতোমধ্যে বিএনপি সাংগঠনিকভাবে সক্রিয়তা বাড়িয়েছে। তৃণমূল পর্যায়ে দলকে আরও সুসংগঠিত করা এবং সাধারণ ভোটারদের সঙ্গে সরাসরি যোগাযোগ জোরদার করার পরিকল্পনা নেওয়া হয়েছে। একই সঙ্গে মনোনীত প্রার্থীর পক্ষে ব্যাপক প্রচার-প্রচারণা চালানোর প্রস্তুতিও চলছে।
মনোনয়ন পাওয়ার প্রতিক্রিয়ায় সুলতান মাহমুদ বাবু দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন, দল যে আস্থা আমার ওপর রেখেছে, তা রক্ষা করতে আমি সর্বোচ্চ চেষ্টা করব। জামালপুর-২ আসনের জনগণের অধিকার আদায়ে বিএনপির রাজনীতি ও কর্মসূচি নিয়ে আমি মাঠে থাকব।
এদিকে বিএনপির মনোনয়ন ঘোষণার খবরে ইসলামপুর উপজেলায় দলীয় নেতাকর্মীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা দেখা গেছে। বিভিন্ন স্থানে নেতাকর্মীরা আনন্দ মিছিল ও সভার আয়োজন করছেন বলে দলীয় সূত্রে জানা গেছে।














