গৌরীপুরে স্বেচ্ছাশ্রমে বিএনপির বেহাল রাস্তা সংস্কার
- আপডেট সময় : ১০৯ বার পড়া হয়েছে
প্রায় অর্ধশতাধিক মানুষ। তাদের কারও হাতে কোদাল, কারও হাতে টুকরি। কেউ জমি থেকে মাটি কাটছে, আবার টুকরি ভর্তি মাটি ভাঙা সড়কে ফেলে লাঠি ও ইট দিয়ে পিষে সেগুলো সমান করছেন।
গতকাল মঙ্গলবার এভাবেই স্বেচ্ছাশ্রমে কাজ করে গ্রামের একটি ভাঙা কাঁচা সড়ক চলাচল উপযোগী করেছেন ময়মনসিংহের গৌরীপুরে রামগোপালপুর ইউনিয়ন বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
স্থানীয় সূত্রে জানা গেছে, গৌরীপুর পৌর শহর থেকে রামগোপালপুর ইউনিয়নের ভেতর দিয়ে ময়মনসিংহ কিশোরগঞ্জ মহাসড়ক পর্যন্ত আঞ্চলিক সড়কটি স্থানীয় যোগাযোগ ব্যবস্থায় অত্যন্ত গুরুত্বপূর্ণ। কিন্তু সড়কটির রামগোপাপুর ইউনিয়নের মধ্যপাড়া এলাকায় প্রায় অর্ধ কিলোমিটার অংশ এখনো কাঁচা। শুকনো মৌসুমে কোনোরকম চলাচল করা গেলেও বর্ষাকালে জলকাদায় একাকার হয়ে যায় সড়কটি। এতে করে দুর্ভোগে পড়েন গ্রামের শিক্ষার্থী, ব্যবসায়ী, কৃষক, চাকরিজীবীসহ নানা শ্রেণি-পেশার মানুষ। বিশেষ করে গ্রামের কোনো রোগী অসুস্থ হলে এই সড়ক হয়ে নিতে গিয়ে রোগীর অবস্থা আরও মুমূর্ষু হয়ে যেত। তাই আসন্ন বর্ষাকালকে মাথায় রেখে বেহাল ভাঙাচোরা সড়কটি স্বেচ্ছাশ্রমে সংস্কার করার উদ্যোগ নেন স্থানীয় বিএনপির নেতা-কর্মীরা।



















