টেকনাফে অপহৃত নুরুল ইসলামকে উদ্ধারে যৌথ বাহিনীর অভিযান
- আপডেট সময় : ২২৩ বার পড়া হয়েছে
কক্সবাজারের টেকনাফে রোহিঙ্গা সন্ত্রাসীচক্রের বিরুদ্ধে টেকনাফ মডেল থানা পুলিশ, র্যাব ও বিজিবির সমন্বিত অভিযানে গহীন পাহাড়ি এলাকায় একাধিক আস্তানা ধ্বংস করা হয়েছে। অপহৃত ভিকটিম নুরুল ইসলাম (৫০)–কে উদ্ধারের লক্ষ্যে পরিচালিত এ অভিযান চলে ভোর ৪টা ৩০ মিনিট থেকে সকাল ৮টা পর্যন্ত।
প্রেস রিলিজে জানানো হয়, ২৩ নভেম্বর ২০২৫ তারিখে পরিচালিত এ অভিযানটি টেকনাফ মডেল থানায় দায়েরকৃত এফআইআর নং–৭২, তারিখ ২১/১১/২০২৫; জি.আর. নং–৮৪১; ধারা 143/147/148/307/323/324/326/364/427/379/506(2) The Penal Code, 1860–এর মামলার অপহৃত নুরুল ইসলামকে উদ্ধার এবং মামলার সঙ্গে জড়িত সশস্ত্র অপহরণচক্রকে গ্রেপ্তারের উদ্দেশ্যে পরিচালিত হয়।
অভিযানে ড্রোন ক্যামেরা ও আধুনিক তথ্য প্রযুক্তির সহায়তায় যৌথ বাহিনী লেদা রোহিঙ্গা ক্যাম্প ও নয়াপাড়া রেজিস্টার্ড রোহিঙ্গা ক্যাম্পের পশ্চিম পার্শ্ববর্তী গহীন পাহাড়ি এলাকায় অবস্থানরত অপহরণকারীদের আস্তানা চিহ্নিত করে ধ্বংস করে দেয়।
বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, এজাহারনামীয় আসামীসহ যে সংঘবদ্ধ অপহরণকারীরা এই অপরাধে জড়িত, তারা স্থানীয় বাসিন্দা ও মায়ানমারের বাস্তুচ্যুত রোহিঙ্গাদের সমন্বয়ে গঠিত একটি সশস্ত্র সন্ত্রাসী দল। চক্রটি দীর্ঘদিন ধরে টেকনাফ এলাকায় মাদক ব্যবসা, মানব পাচার, অপহরণ ও মুক্তিপণ আদায়সহ বিভিন্ন অপরাধমূলক কর্মকান্ড পরিচালনা করে আসছিল।

















