শেখর ইউনিয়ন বিএনপির সম্মেলনে সভাপতি প্রার্থী ইলিয়াস মোল্যা
- আপডেট সময় : ২৪ বার পড়া হয়েছে
ফরিদপুরের বোয়ালমারী উপজেলার বারাংকুলা নতুন বাজারে শনিবার (১৮ জুলাই) বিকেলে শেখর ইউনিয়ন বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনে শেখর ইউনিয়ন বিএনপির সভাপতি পদপ্রার্থী মোঃ ইলিয়াস মোল্লা শত শত নেতাকর্মীকে সঙ্গে নিয়ে অংশগ্রহণ করেন। তাঁর আগমনে সম্মেলনস্থলে নেতাকর্মীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যায়। দলীয় সূত্রে জানা যায়, মোঃ ইলিয়াস মোল্লা দীর্ঘদিন ধরে বিএনপির রাজনীতির সঙ্গে সম্পৃক্ত। তিনি শেখর ইউনিয়ন যুবদলের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন। তাঁর সমর্থকদের দাবি, আওয়ামী লীগ সরকারের আমলে তিনি রাজনৈতিক কারণে বিভিন্ন সময় নির্যাতনের শিকার হন। সম্মেলনে ইউনিয়ন বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। সভাপতি ও সাধারণ সম্পাদকসহ বিভিন্ন পদে নেতৃত্ব নির্বাচনের লক্ষ্যে এ সম্মেলনের আয়োজন করা হয়। সভাপতি প্রার্থী মোঃ ইলিয়াস মোল্লা বলেন, “আমি দীর্ঘদিন ধরে দলের জন্য কাজ করে আসছি। দলের দুঃসময়ে নেতাকর্মীদের পাশে ছিলাম এবং ভবিষ্যতেও থাকব। দল যদি আমাকে শেখর ইউনিয়ন বিএনপির সভাপতি হিসেবে দায়িত্ব দেওয়ার যোগ্য মনে করে, তাহলে সকলকে সঙ্গে নিয়ে ঐক্যবদ্ধভাবে সংগঠনকে আরও শক্তিশালী করতে কাজ করব। আমার লক্ষ্য হবে তৃণমূলের প্রতিটি নেতাকর্মীকে মূল্যায়ন করে একটি সুসংগঠিত ও শক্তিশালী বিএনপি গড়ে তোলা।” তিনি আরও বলেন, “দলের সিদ্ধান্তই আমার কাছে চূড়ান্ত। আমি সবসময় দল, দেশ এবং জনগণের স্বার্থে কাজ করে যেতে চাই।”














