নগরকান্দায় ব্যক্তিগত উদ্যোগে সড়ক সংস্কার, স্বস্তি এলাকাবাসীর
- আপডেট সময় : ১৬ বার পড়া হয়েছে
ফরিদপুরের নগরকান্দা পৌরসভার মিরাকান্দা এলাকার ৫ নম্বর ওয়ার্ডে দীর্ঘদিনের জনভোগান্তির অবসান ঘটাতে একটি গুরুত্বপূর্ণ সড়ক সংস্কার করা হয়েছে। বুধবার (১৫ জুলাই) লন্ডনপ্রবাসী সমাজসেবক ও নগরকান্দা পৌরসভার মেয়র পদপ্রার্থী মো. মাসুদুর রহমানের ব্যক্তিগত উদ্যোগে সড়কটির সংস্কারকাজ সম্পন্ন হয়।
স্থানীয় বাসিন্দারা জানান, পুকুরপাড়-সংলগ্ন সড়কটি দীর্ঘদিন ধরে চলাচলের অনুপযোগী ছিল। পাশেই একটি মসজিদ ও মাদ্রাসা থাকায় মুসল্লি, শিক্ষার্থী, শিশু, নারী, বয়স্ক ব্যক্তি এবং অসুস্থ রোগীদের প্রতিনিয়ত দুর্ভোগ পোহাতে হতো। সড়কটি সংস্কারের ফলে এলাকাবাসীর দীর্ঘদিনের ভোগান্তির অবসান হয়েছে এবং যাতায়াত অনেক সহজ হয়েছে।
এলাকাবাসীর দাবি, মো. মাসুদুর রহমান দীর্ঘদিন ধরে ব্যক্তিগত উদ্যোগে নগরকান্দার বিভিন্ন এলাকায় জনকল্যাণমূলক ও উন্নয়নমূলক কর্মকাণ্ড পরিচালনা করে আসছেন। করোনা মহামারির সময় খাদ্য ও ত্রাণ বিতরণ, শীতবস্ত্র বিতরণ, বন্যার্তদের সহায়তা, রমজান ও ঈদে খাদ্যসামগ্রী বিতরণ, দুর্গাপূজা উপলক্ষে সহযোগিতা, মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি প্রদান, বিভিন্ন সড়ক সংস্কার, পরিচ্ছন্নতা অভিযান, বৃক্ষরোপণ, খেলাধুলার সামগ্রী বিতরণ এবং বিনামূল্যে মেডিকেল ক্যাম্প পরিচালনাসহ নানা সামাজিক কার্যক্রমে তিনি সম্পৃক্ত রয়েছেন।
সড়ক সংস্কার শেষে লন্ডন থেকে দেওয়া এক ভিডিও বার্তায় মো. মাসুদুর রহমান এলাকাবাসীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন, মানুষের কল্যাণে তার কার্যক্রম অতীতের মতো ভবিষ্যতেও অব্যাহত থাকবে। মেয়র নির্বাচিত হলে আরও বড় পরিসরে উন্নয়নমূলক কাজ করার সুযোগ হবে, তবে নির্বাচিত না হলেও জনসেবামূলক কার্যক্রম বন্ধ হবে না।
সড়ক সংস্কারের এ উদ্যোগকে স্বাগত জানিয়ে এলাকাবাসী বলেন, এ ধরনের জনকল্যাণমূলক উদ্যোগ অব্যাহত থাকলে পৌর এলাকার মানুষের জীবনযাত্রার মান আরও উন্নত হবে।
















