পটুয়াখালীতে প্রথম জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত
- আপডেট সময় : ২৭ বার পড়া হয়েছে
"উন্নত পল্লী, সমৃদ্ধ দেশ, সবার আগে বাংলাদেশ" প্রতিপাদ্যকে সামনে রেখে পটুয়াখালীর কলাপাড়ায় প্রথমবারের মতো জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত হয়েছে
‘উন্নত পল্লী, সমৃদ্ধ দেশ, সবার আগে বাংলাদেশ’ প্রতিপাদ্যকে সামনে রেখে পটুয়াখালীর কলাপাড়ায় প্রথমবারের মতো জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত হয়েছে।
মঙ্গলবার বেলা ১১টায় উপজেলা পরিষদ হলরুমে উপজেলা প্রশাসন ও বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডের (বিআরডিবি) উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এর আগে উপজেলা চত্বর থেকে একটি র্যালি বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ প্রাঙ্গণে এসে শেষ হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আরিফুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা বিএনপির সভাপতি আলহাজ হুমায়ূন সিকদার।
বিশেষ অতিথি ছিলেন উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা মাহবুবা বেগম, উপজেলা সমবায় কর্মকর্তা আব্বাস উদ্দিন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোকছেদুল আলম, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ আরাফাত হোসেন এবং কলাপাড়া বিআরডিবির চেয়ারম্যান ফোরকান তালুকদার। এ ছাড়া বিভিন্ন সামাজিক সংগঠনের প্রতিনিধি এবং প্রান্তিক কৃষক-কৃষাণীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অনুষ্ঠানে অংশ নেন।
আলোচনা সভায় বক্তারা বলেন, টেকসই ও সমৃদ্ধ বাংলাদেশ গড়তে গ্রামীণ অর্থনীতির উন্নয়ন, কৃষিভিত্তিক উন্নয়ন, গ্রামীণ অবকাঠামো, শিক্ষা, স্বাস্থ্যসেবা ও ডিজিটাল সংযোগের উন্নয়ন জরুরি। এ লক্ষ্যে গ্রামীণ উন্নয়নে আরও কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান তারা।
অনুষ্ঠান শেষে বিআরডিবির সফল সদস্যদের মধ্যে ঋণের চেক এবং কিশোরী সদস্যদের মধ্যে সঞ্চয়ের চেক বিতরণ করা হয়। পাশাপাশি প্রধানমন্ত্রীর পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে সমবায়ী সদস্যদের মধ্যে বিভিন্ন প্রজাতির গাছের চারা বিতরণ করা হয়।













