বঙ্গোপসাগরে ট্রলারডুবি, গলাচিপার ৬ জেলে নিখোঁজ
- আপডেট সময় : ৩৮ বার পড়া হয়েছে
পটুয়াখালীর গলাচিপা উপজেলার পানপট্টি লঞ্চঘাট থেকে গভীর সমুদ্রে মাছ ধরতে যাওয়া একটি ফিশিং ট্রলার বঙ্গোপসাগরে ডুবে গেছে। এ ঘটনায় ট্রলারে থাকা ১১ জেলের মধ্যে পাঁচজনকে জীবিত উদ্ধার করা হলেও ছয়জন এখনও নিখোঁজ রয়েছেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, রোববার দিবাগত রাতে পানপট্টি লঞ্চঘাট এলাকার মো. এমাদুল সিকদারের মালিকানাধীন ট্রলারটি মাছ ধরার উদ্দেশ্যে গভীর সমুদ্রে যায়। একপর্যায়ে বৈরী আবহাওয়া ও ঝোড়ো হাওয়ার কবলে পড়ে ট্রলারটি ডুবে যায়।
দুর্ঘটনার পর ট্রলারে থাকা ১১ জেলের মধ্যে পাঁচজনকে জীবিত উদ্ধার করা হয়। তবে বাকি ছয়জনের এখনও কোনো সন্ধান মেলেনি। উদ্ধার হওয়া ও নিখোঁজ জেলেরা সবাই গলাচিপা উপজেলার বাসিন্দা।
নিখোঁজদের উদ্ধারে স্থানীয় জেলে, মাছ ধরার অন্য ট্রলার এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষ যৌথভাবে তল্লাশি চালাচ্ছে। সর্বশেষ খবর পাওয়া পর্যন্ত নিখোঁজদের কাউকে উদ্ধার করা সম্ভব হয়নি।
এ ঘটনায় নিখোঁজ জেলেদের পরিবারে উদ্বেগ-উৎকণ্ঠা বিরাজ করছে। স্বজনরা উদ্ধার অভিযান জোরদার করে দ্রুত নিখোঁজদের সন্ধান বের করার দাবি জানিয়েছেন।













